কাল সাতকানিয়া অভিমুখে সম্প্রীতি পরিষদের লংমার্চ
জামায়াত-শিবিরের ‘অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে’ আগামীকাল শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচির আয়োজন করেছে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ। পরিষদের নেতা-কর্মীরা কাল সকালে প্রথমে লালদীঘি ময়দানে জড়ো হবেন। এরপর সকাল সাড়ে ১০টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চত্বর থেকে সাতকানিয়া অভিমুখে লংমার্চ যাত্রা করবে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা অশান্ত হয়ে ওঠে। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেশ দিলে জামায়াত-শিবির ওই এলাকায় বেপরোয়া হয়ে ওঠে। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে ও পরে ওই এলাকায় সংগঠনটির নেতা-কর্মীরা ব্যাপক তাণ্ডব চালান। সংখ্যালঘুদের বাড়িঘরেও আগুন দেওয়া হয়।
সর্বশেষ গত ৩১ জানুয়ারি লোহাগাড়ার চুনতি এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংসদ আবু রেজা নিজামউদ্দিন মো. নদভীর ওপর হামলা চালানো হয়। এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে আওয়ামী লীগ। এর পরই সাতকানিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ।
সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের ব্যানারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাড়াও প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। তবে আওয়ামী লীগের নেতারা কর্মসূচি সফল করতে তত্পর।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম প্রথম আলোকে বলেন, ‘সাতকানিয়া ও লোহাগাড়ায় জামায়াত-শিবিরের তাণ্ডব বন্ধ হচ্ছে না। সংগঠনটির একের পর এক সন্ত্রাসের কারণে ওই এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের ব্যানারে আমরা লংমার্চ কর্মসূচির আয়োজন করেছি।’
সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ কাল সকালে লালদীঘি ময়দানে জড়ো হবে। সকাল সাড়ে ১০টার দিকে তারা জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চত্বর থেকে যাত্রা করবে। বহদ্দারহাট হয়ে লংমার্চ নতুন সেতু দিয়ে যাবে। পটিয়া এবং চন্দনাইশে পৃথক দুটি পথসভা করবে সম্প্রীতি পরিষদ। বেলা তিনটার দিকে সাতকানিয়ার কেরানীহাটে সভার মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি।