নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার মোকাবিলা করতে কাল সোমবার সারা দেশে মানববন্ধন অনুষ্ঠিত হবে। দেশের সব উপজেলা, জেলা সদর ও রাজধানীতে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ মানববন্ধন হবে। এতে অংশ নেবেন সর্বস্তরের নারী-পুরুষ।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কাল জাতীয় কন্যাশিশু দিবস। মানববন্ধন কর্মসূচির সঙ্গে মন্ত্রণালয় একই সঙ্গে দিবসটিও পালন করবে।
আজ রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ এই কর্মসূচির কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, রাজধানীতে সচিবালয়ের পাশের আব্দুল গনি রোড, কেন্দ্রীয় শহীদ মিনার, সংসদ ভবনের দক্ষিণ পাশের বড় রাস্তা, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের সামনেও মানববন্ধন অনুষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী বলেন, কতিপয় স্বার্থান্বেষী মহল নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের বিরুদ্ধে বিভ্রান্তি ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়ে যাচ্ছে। নারীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে নারী-পুরুষের অবাধ মেলামেশা বৃদ্ধি পাচ্ছে, ব্যভিচার বৃদ্ধি পাচ্ছে বলেও কেউ কেউ বলছে। নারীর খুব বেশি পড়াশোনার প্রয়োজন নেই—এমন দায়িত্বজ্ঞানহীন যুক্তিও তাঁরা দিচ্ছেন।
মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, নারীবান্ধব বিভিন্ন উদ্যোগের কারণে বাংলাদেশের নারীদের উজ্জ্বল উপস্থিতি ও সফল পদচারণ দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে। নারীর অগ্রযাত্রা বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে নতুন মাত্রা ও গতি সঞ্চার করেছে। এ ধরনের সম্ভাবনাময় পরিস্থিতিতে দেশের নারীর অগ্রযাত্রা কতিপয় স্বার্থান্বেষী মহলের বিভ্রান্তিমূলক অপপ্রচারের বলি হতে পারে না। দেশের সচেতন সমাজ নারীর অগ্রযাত্রা রোধে এ ধরনের অপপ্রচারে নিশ্চুুপ বসে থাকতে পারে না।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের পক্ষে সচেতনতামূলক প্রচার জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।