কাল সিইপিজেডের ‘নির্যাতিত শ্রমিকদের’ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ‘নির্যাতিত শ্রমিকদের’ ডাকা মহাসমাবেশ কাল বৃহস্পতিবার। এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণে গতকাল মঙ্গলবার নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠক হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কাল ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘অসহায় নির্যাতিত শ্রমিক’—এই ব্যানারে বৃহস্পতিবার সকালে ইপিজেডের মোড়ে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। কারখানায় কাজ বন্ধ রেখে মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রচারপত্র বিলি করা হচ্ছে।গতকালের সভায় দুটি গোয়েন্দা সংস্থার স্থানীয় কার্যালয়ের প্রধান, র‌্যাব-৭-এর অধিনায়ক, ইপিজেডের মহাব্যবস্থাপক, শিল্পাঞ্চল পুলিশের ভারপ্রাপ্ত পরিচালক, তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রতিনিধি ছাড়াও নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবুল কাশেম।বৈঠক সূত্র জানায়, শ্রমিকদের যৌক্তিক দাবির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সূত্র বলছে, দফায় দফায় বাড়িভাড়া বাড়ানো অযৌক্তিক। আবার এটাকে ইস্যু করে রাস্তা অবরোধ করাও উচিত নয়। সূত্র বলছে, বাড়ি ভাড়া-সংক্রান্ত নীতিমালা আছে, যা প্রয়োগ করার এখতিয়ার কেবল সিটি করপোরেশনের। তাই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এম এ লতিফকে নীতিমালা প্রয়োগ করার জন্য উদ্যোগী হতে গতকালের বৈঠক থেকে অনুরোধ জানানো হয়।মেয়র মন্জুর আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বাড়িভাড়া-সংক্রান্ত কোনো নীতিমালা সিটি করপোরেশনের কাছে নেই। তবে ইপিজেডের শ্রমিকদের দাবির ব্যাপারে স্থানীয় সাংসদ উদ্যোগ নিয়েছেন। সাংসদ আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি, যাতে এই সমস্যার শান্তিপূর্ণ সুরাহা হয়।’সাংসদ এম এ লতিফ এ প্রসঙ্গে বলেন, বাড়িভাড়া বাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সব বাড়িওয়ালার বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ আনা ঠিক নয়। তবে কিছু বাড়ির মালিক বছরে একাধিকবার ভাড়া বাড়িয়েছেন, যে কারণে নিম্ন আয়ের শ্রমিকেরা হিমশিম খাচ্ছেন। এ ব্যাপারে বাড়ির মালিক, শ্রমিকদের প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পক্ষের লোকজনকে নিয়ে দু-একদিনের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। সাংসদ লতিফ আরও বলেন, ‘বছরে একাধিকবার যাঁরা বাড়িভাড়া বাড়িয়েছেন, তাঁদের ব্যাপারে কমিটির সদস্যদের কাছে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হবে ভুক্তভোগী শ্রমিকদের।’ তিনি বলেন, ‘এরপর কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করবে। তবে এটাকে ইস্যু করে রাস্তা অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ বাড়ানো কাঙ্ক্ষিত নয়।’বৈঠক প্রসঙ্গে উপপুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের যুক্তিসংগত দাবি আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত হয়েছে। সিটি করপোরেশন বাড়িভাড়া-সংক্রান্ত নীতিমালা প্রয়োগ করবে। এ জন্য আমরা মেয়র মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি। স্থানীয় সাংসদ মহোদয়েরও সহযোগিতা চাওয়া হয়েছে।’ তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানোর জন্য বৃহস্পতিবার সকালে ইপিজেড এলাকায় এক হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হবে।উল্লেখ্য, বাড়িভাড়া বাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার বিকেলে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে মূল শহরের সঙ্গে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্রসৈকতের সড়ক যোগাযোগ সাড়ে পাঁচ ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।