কাল সিডিএর ছয় প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ছয়টি প্রকল্প উদ্বোধন করবেন। এর মধ্যে তিনটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। নির্মাণকাজ শুরু হবে দুটির এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে একটি প্রকল্পের। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা।
গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম সংবাদ সম্মেলনে জানান, ৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত কদমতলী উড়ালসড়ক, ৪৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ (অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রকল্পের কাজ শেষ হয়েছে। এ ছাড়া ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম আউটার রিং রোড এবং ১৭২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ঢাকা ট্রাংক রোড ও বায়েজিদ সড়কের মধ্যে লুপ সড়কের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর ২ হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।