
কিআর বয়স হলো দুই, চলো বিশ্বটাকে ছুঁই। কিশোর আলো নামের পত্রিকাটা ১ অক্টোবরে পার করল দুই নম্বর জন্মদিন। আর কাল ১৬ অক্টোবর রাজধানীর সেন্ট যোসেফ স্কুলের মাঠজুড়ে করতে যাচ্ছে কিআনন্দ উৎসব। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা। মধ্যখানে নামাজের বিরতি। আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় এটা। দুই দিন আগে একদল কিশোর-কিশোরী আমাকে ঘেরাও করল। কিআর জন্মদিনের অনুষ্ঠান, আপনাদের ইভেন্ট টিম যদি সবকিছু করে দেয়, আমরা আছি কী করতে! কী গান হবে, আপনারা আমাদের জিজ্ঞেস করেছেন? আমি দুই হাত তুলে সারেন্ডার করি। মা রে, প্যান্ডেলের খুঁটিটা বড়রাই পুঁতুক, ওরা হার্ডওয়্যার করুক, তোমরা সফটওয়্যারের কাজ করো। ওরা লেগে পড়ল অতিথি তালিকা তৈরি করে বাড়ি বাড়ি আমন্ত্রণপত্র পৌঁছে দিতে।
কিশোর আলোর অনেক স্বেচ্ছাসেবক। ওরা প্রতি মাসে নিয়মিত আসে কিশোর আলো কার্যালয়ে, চুলচেরা বিশ্লেষণ করে প্রকাশিত সংখ্যা। পরের সংখ্যায় কী চাই, ভোট হয়। সাক্ষাৎকার নিতে ওরাই যায়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী থেকে শুরু করে আবদুল্লাহ আবু সায়ীদ, মাশরাফি বিন মুর্তজা কিংবা সাকিব আল হাসানের কাছে। ওরাই যায় আর প্রশ্নগুলো আসে সারা দেশের কিশোরদের কাছ থেকে। কালকের কিআনন্দ উৎসবের জন্য ৯০ জন ভলান্টিয়ার চাওয়া হয়েছে, ২৭০ জন এসে হাজির; সহসম্পাদক পাভেল মহিতুল আলম গলদঘর্ম, আনিস ভাই, এখন কী করি! কবির বকুল একটা গান লিখেছেন, তার সঙ্গে একটা নাচ হবে, ৫০ জন এসে হাজির। ছোটদের যেমন উৎসাহ, বড়দেরও তেমন। আবদুল্লাহ আবু সায়ীদ আসবেন, ফরিদুর রেজা সাগর খোঁজ নিচ্ছেন, সবকিছু ঠিক আছে তো! আহসান হাবিব থেকে শুরু করে শাহরিয়ার—ছোটদের প্রিয় লেখকেরা, খেলোয়াড়েরা, জাদুশিল্পীরা—কতজন যে আসবেন। পাহাড়ে ওঠা হবে, সাইকেলের শো হবে, পোষা প্রাণী কিংবা সুপারহিরোর প্রদর্শনী হবে, শখের দুনিয়া দেখা যাবে (যোগাযোগ: ০১৬৭০৯০৬০৮০), টেবিল টেনিস প্রতিযোগিতা (যোগাযোগ ০১৯১২২৪২৭৬৭)। তোমরা যারা ছবি আঁকতে চাও, ছবি আঁকার সরঞ্জাম নিয়ে আটটার মধ্যে চলে আসো।
ভিকারুননিসা নূন স্কুল, সানিডেইল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সাংস্কৃতিক দলের পরিবেশনা আছে, আছে রেজওয়ানা চৌধুরী বন্যার শিশু-কিশোর দলের অংশগ্রহণ। কার্টুন, কমিকস, বিজ্ঞান, বুদ্ধির খেলা—কত কী যে হবে। জলের গান আসবে, মিনার আসবেন, আবরার টিপু আসবেন, শিল্পী-তারকারা আসবেন সারা দিন ধরে। মাশরাফি বিন মুর্তজার ডেঙ্গু হওয়াটা একদম ঠিক হয়নি, মনে হচ্ছে, কিআ বাহিনীই নেমে পড়বে ঢাকার সব এডিস মশা নিধনে। কারণ, উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরই আসার কথা ছিল। প্রিয় অধিনায়ক, আপনি আপনার বদলে একজন প্রতিনিধি পাঠাবেন, আশা করি। আমরা আপনার সুস্থতা কামনা করি।
প্রচারসংখ্যার দিক থেকে কিশোর আলো বাংলাদেশের সর্বাধিক বিক্রীত ম্যাগাজিন। আমার তো মনে হয়, কিশোর আলো বাংলাদেশে এর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে আট-দশগুণ বেশি ছাপা হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী হচ্ছিল রমনা উদ্যানে। কয়েক হাজার ছেলেমেয়ে এসেছে পুরস্কার নিতে। গত বছরের ঘটনা। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কে কে কিশোর আলো পড়ো, হাত তোলো। পুরো মাঠে হাজার হাজার হাত উঠে গেল। আমি আবদুল্লাহ আবু সায়ীদ স্যারকে বললাম, স্যার, আপনার আলোকিত মানুষ চাই-এর স্বপ্ন সফল হতে চলেছে। আপনি নিজের চোখে দেখুন।
আমরা বড় বেশি চাপ দিই আমাদের ছেলেমেয়েদের ওপরে। জিপিএ ফাইভ পেতেই হবে, ডাক্তার-ইঞ্জিনিয়ার হতেই হবে। আর আমরা, কিশোর আলো পরিবার, সায়ীদ স্যারের কাছ থেকে প্রেরণা নিয়ে বলি, বই না পড়লে, সংস্কৃতি চর্চা না করলে, খেলাধুলা দৌড়ঝাঁপ না করলে ভালো ফলও করা যাবে না, আবার ভালো ফল করেও কোনো লাভ হবে না। আমরা চাই—আমাদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আরেকটু ভালো ইঞ্জিনিয়ার, ডাক্তার হোক, কিন্তু আরেকটু ভালো ডাক্তার, শিক্ষক হোক, কিন্তু আরেকটু ভালো শিক্ষক, নেতা হোক, কিন্তু আরেকটু ভালো নেতা—মানুষের মতো মানুষ হোক।
বাংলাদেশে ৯৯ শতাংশ ছেলেমেয়ে স্কুলে যায়। ২০ বছর পরে এই দেশে কৃষক হবেন শিক্ষিত, শ্রমিক হবেন শিক্ষিত। এই কোটি কিশোর প্রাণের হৃদয়ের মোমবাতিতে আলোক সংযোগ করে দিতে হবে। আমাদের প্রজন্মের এটা দায়িত্ব। কিশোর আলো তারই একটা ক্ষুদ্র চেষ্টা। তিন লাখ ছেলেমেয়ে প্রতি মাসে কিশোর আলো যদি পড়ে, তিন কোটি হৃদয়কে তারা আলোকিত করবে। কারণ, একটা মোমবাতি থেকে ১০০টা মোমবাতি প্রজ্বালিত করা যায়।
কালকের কিআনন্দ উৎসবে আসুন। আনন্দই করবে শিশু-কিশোরেরা। আনন্দই করব আমরা। কিন্তু তার মধ্য দিয়েই আমরা গড়ে তুলব আগামী দিনের দেশ পরিচালকদের। আগামী দিনের উজ্জ্বল বাংলাদেশ।