কাল হল খুলছে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কাল শুক্রবার খুলছে। ছাত্ররা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এবং ছাত্রীরা সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হলের নির্ধারিত আসনে উঠতে পারবেন। এ ছাড়া রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ প্রক্টরিয়াল বডি ও সব হল প্রাধ্যক্ষের সঙ্গে গতকাল বুধবার বিকেলে বৈঠক করেছেন। বৈঠকে তিনি বিশ্ববিদ্যালয় খোলার পর ক্যাম্পাস পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলে জানা গেছে। গত ৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেয়। প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাত দফা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত থাকবেন।