
আগামীকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় আসবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি একটা গল্প প্রায়ই বলেন। কিন্তু তার আগেই আমি সেই গল্পটা বলে দেব—এক ছেলে বাংলাদেশের মানচিত্র ছিঁড়ে ফেলল। বাবা বললেন, ‘জোড়া লাগাও।’ ছেলে জোড়া লাগাল। বাবা বললেন, ‘কী করে পারলে?’ ছেলে বলল, ‘এই ম্যাপের উল্টো পিঠে একটা মানুষের মুখ ছিল, আমি মানুষটাকে জোড়া লাগিয়েছি, দেশটা আপনাআপনি জোড়া লেগে গেছে।’
আমরা যদি আমাদের মানুষগুলোকে গড়ে তুলি, দেশটা গড়ে উঠবে—আবদুল্লাহ আবু সায়ীদ বলেন।
কিশোর আলোর প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে যে কিশোর মেলা হবে কাল সেন্ট যোসেফ স্কুলমাঠে, তার উদ্বোধন করতে রাজি সায়ীদ স্যার। উদ্বোধনী পর্বে সায়ীদ স্যারের সঙ্গে থাকবে একজন কিশোর দাবাড়ু ফাহাদ রহমান, দেশের কনিষ্ঠ ফিদে মাস্টার।
স্যারের গল্পটা বলে নিলাম এই জন্য যে, দেশটা গড়ে উঠবে, যদি আমরা দেশের শিশু-কিশোরদের গড়ে তুলতে পারি, এই চিন্তাটা মাথায় রেখেই আসলে ২০১৩-এর অক্টোবরে কিশোর আলোর প্রথম সংখ্যাটা বেরিয়েছিল।
কোটি কোটি শিশু-কিশোর এই দেশে স্কুলে যাচ্ছে। তাদের চোখেমুখে আলোর ঝলকানি। এই ছেলেমেয়েদের বড় স্বপ্ন দেখাতে হবে, তাদের দিগন্তটাকে বড় করতে হবে। তারা লেখাপড়ায় ভালো হবে, জ্ঞানে-বিজ্ঞানে পারদর্শী হবে, তারা বই পড়বে, সংস্কৃতি আর খেলাধুলায় মেতে উঠবে, তারা বিতর্ক-বক্তৃতা করবে, তারা দেশপ্রেমিক হবে, সৎ হবে, আদর্শ মানুষ হবে, সফল হবে, আলোকিত করে তুলবে বাংলাদেশকেই। শুধু পরীক্ষার ফল ভালো করলেই হয় না, সব দিক থেকে মানুষ হতে হবে।
কিন্তু আমরা তো আমাদের শিশু-কিশোরদের শৈশব কেড়ে নিচ্ছি। প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। এক কোচিং সেন্টার থেকে বেরিয়ে তারা ছুটছে আরেক কোচিং সেন্টারে। মাঠ নেই, নদী নেই—এমনকি নেই হাঁটার পথ! তাদের জগৎটাকে আনন্দে ভরিয়ে দিতে হবে। তার রুচি গড়ে তুলতে হবে। তাই কিশোর আলো।
প্রথম সংখ্যা বেরুনোর পরেই হইচই। আমরা তিনবার ছেপেও চাহিদা পূরণ করতে পারিনি। এই দেশে ম্যাগাজিন চলে না—এই ধারণা ভুল প্রমাণিত করেছে আমাদের কিশোরেরা।
আর শিশু-কিশোরদের প্রিয় লেখকেরা লিখে চলেছেন এই পত্রিকায়। তাঁদের অনেকেই আজ আসবেন কিআনন্দ শীর্ষক এই মেলায়। আফজাল হোসেন, মুহম্মদ জাফর ইকবাল, ফরিদুর রেজা সাগর, আখতার হুসেন, আহসান হাবীব—সবাইকেই চাই। আসবেন শিল্পীরা, তারকারা, খেলোয়াড়েরা। বিজ্ঞান থেকে জাদু, জলের গান, শিরোনামহীন থেকে শুরু করে চিরকুট, কার্টুন, কমিকন—কত কীই-না থাকবে। মুসা ইব্রাহীম শেখাবেন পাহাড়ে ওঠা, বসবে অরিগ্যামি, মুখোশ আর পটারির কর্মশালা। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছেলেমেয়েরা আঁকবে আমার স্বপ্ন, আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির কিশোরেরা আঁকবে আমার শহর, সকাল সাড়ে আটটা থেকেই। বেলা দুটো থেকে চারটায় মাঠে আসবেন আইনস্টাইন কিংবা টিনটিন, যেমন খুশি তেমন সাজার ছলে। শখের দুনিয়ায় অংশ নেবে ছেলেমেয়েরা।
তোমাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল, সেন্ট যোসেফ স্কুলমাঠে (আসাদগেটের পশ্চিমে) এই আশা করছি।
কার্তিকের সকালগুলো সুন্দর। আপনার আগমনে সকালটা আরও সুন্দর হয়ে উঠবে। শিশু-কিশোরদের মুখগুলো ঝলমল করবে আলোয় আলোয়, ভাবতেই ভালো লাগছে। দেখা হচ্ছে তাহলে! কী আনন্দ। কিআনন্দ!