বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কাল বৃহস্পতিবার বিকেলে নগরের শিল্পকলা একাডেমীতে ‘রূপময় বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র ও ভ্রমণসহায়ক বিভিন্ন উপকরণের প্রদর্শনীর আয়োজন করেছে অ্যাডভেঞ্চার ক্লাব অব চিটাগাং। সংগঠনের দুই দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে থাকবে সাইকেল শোভাযাত্রা।অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ বায়োডাইভার্সিটি ক্লাব। গতকাল মঙ্গলবার বিকেলে জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্য মামুনুর রশিদ। এতে উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের ইউনিট ব্যবস্থাপক সাইফুর রহমান, ডেইলি স্টার-এর ব্যুরো প্রধান রাইসুল হক, মিল্টন দাশ, কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, শাফায়েত ইসলাম প্রমুখ।সংবাদ সম্মেলনে বলা হয়, কাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীতে আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক স্যামুয়েল বার্থে।