কালকিনি উপজেলা আ.লীগের সভাপতির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
মাদারীপুরের কালকিনিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাংসদ তাহমিনা সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন করা হয়। সোমবার দুপুরে কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন অভিযোগ করে বলেন, ২৩ জুন সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ অনুষ্ঠানে সাংসদ তাহমিনা সিদ্দিকী উপস্থিত না হয়ে তিনি তাঁর ঢাকার বাসায় থেকে বিশেষ অতিথি হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। পরে তাহমিনা সিদ্দিকী তাঁর বাসায় বসে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী পরাজিত মেয়র প্রার্থী সোহেল রানা ওরফে মিঠু ও স্বতন্ত্র পরাজিত মেয়র প্রার্থী মশিউর রহমানসহ একাধিক বিতর্কিত নেতা-কর্মী নিয়ে ঘরোয়া পরিবেশে ব্যক্তিগতভাবে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
অনুষ্ঠানের খবরটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি দেখে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তৌফিকুজ্জামান আরও বলেন, একদিকে দলীয় কর্মসূচি নিজ বাসায় পালন, অন্যদিকে বিতর্কিত নেতা–কর্মীদের নিয়ে কেক কাটা—দুটি ঘটনাই দলীয় নিয়ম ভঙ্গের শামিল। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, তাহমিনা সিদ্দিকী বছরের পর বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ ধরে রাখায় ত্যাগী নেতা–কর্মীরা পদবঞ্চিত হচ্ছেন। তাহমিনা সিদ্দিকীর এসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আওলাদ হোসেন, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক লোকমান সরদার, কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক সরদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. বেল্লাল হোসেন প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে তাহমিনা সিদ্দিকী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের ওই নেতা–কর্মীরা কেন আমার বিরুদ্ধে এমন আচারণ করছেন, তা বলতে পারব না। তবে সেদিন সন্ধ্যার পর কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেন কিছু নেতা–কর্মী নিয়ে আমার বাসায় আসেন। তখন সবাই মাস্ক পরা ছিলেন। সবার চেহারাও আমি দেখিনি। ওরা কেক কাটতে চাইলে আমি তখন বলেছি দলের বিরুদ্ধে বা নৌকার বিরুদ্ধে নির্বাচন যাঁরা করেছেন, তাঁরা যেন আমার বাসায় না থাকেন। পরে বিতর্কিত কোনো নেতা ছিলেন কি না, তা আমার জানা নেই।’
তাহমিনা সিদ্দিকী আরও বলেন, ‘এই সবই মাদারীপুর-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান করাচ্ছেন। তাঁর কথায় কালকিনির নেতা–কর্মীরা আমার বিরুদ্ধে কথা বলছেন। সাংসদ আবদুস সোবাহান প্রকাশ্যে না হলেও তিনি ঘরোয়াভাবে আমার সমালোচনায় ব্যস্ত থাকেন। তবে আমি তাঁকে নিয়ে কোনো সমালোচনা করি না।’