কালকিনি ও দৌলতপুরে হামলায় আহত ২৪
মাদারীপুরের কালকিনি ও কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২৪ জন আহত হয়েছে। গত বুধবার এ ঘটনা ঘটে। এ সময় কালকিনিতে ১০টি বসতঘর এবং দৌলতপুরে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।কালকিনি উপজেলার চরদৌলত খাঁ ইউনিয়নের নতুন চরদৌলত খাঁ এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মান্নানের সমর্থকেরা বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় অপর প্রার্থী কাউছার কবিরাজের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কাদের ফকির (৭৫), বাবুল ফকির (৪০), কালাম ফকির (৩৫), সুজন (১২), সুমেলা (৩৫) ও মর্জিনা বেগমসহ (৩২) অন্তত ১৫ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবদুল মান্নান হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহিন মণ্ডল জানান, ‘ঘটনাটি আমি শুনেছি। কিন্তু এখনো কোনো অভিযোগ পাইনি।’দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আকবর আলী বুধবার রাত নয়টার দিকে তাঁর কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছিলেন। এ সময় অপর চেয়ারম্যান পদপ্রার্থী মহিউল ইসলাম এবং তাঁর ১০-১২ জন কর্মী ও সমর্থক তাঁদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা আকবর আলীর কর্মী মজিবুর রহমানের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। রাত সাড়ে ১০টার দিকে ইউপি সদস্য পদপ্রার্থী রোকেয়া বেগম গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে অপর প্রার্থী সেলিম চৌধুরীর সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালায় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ দুটি ঘটনায় সুজন (২৪), ইদ্রিস আলী (৫৫), সেলিম (২৮), হাবু (২৬), ফিরোজ (২৪), মজিবর রহমান (৩৪) ও রোকেয়া বেগমসহ (৪৫) নয়জন আহত হন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আকবর আলী ছয়জনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।