কালকিনি থেকে অপহূত এসএসসি পরীক্ষার্থীর লাশ বরিশালে উদ্ধার
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদ থেকে গত বুধবার রিক্তা সরকার নামের এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচ দিন আগে সে মাদারীপুরের কালকিনি উপজেলার নিজ গ্রাম শশীকর থেকে অপহূত হয়। পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।পুলিশ জানায়, বুধবার দুপুরে স্থানীয়রা পয়সারহাট নদে ভাসমান অবস্থায় রিক্তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। এ খবর সর্বত্র ছড়িয়ে পড়লে ওই দিন সন্ধ্যায় রিক্তার ভাই ব্যবসায়ী সমীর সরকার আগৈলঝাড়া থানায় উপস্থিত হয়ে রিক্তার লাশ শনাক্ত করেন।সমীর সরকার বলেন, গত শনিবার রাতে রিক্তা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে ঘরে ফিরে না আসায় পরে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, রিক্তাকে স্থানীয় কতিপয় দুর্বৃত্ত স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। তারাই রিক্তাকে অপহরণ করে হত্যা করেছে।আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রিক্তাকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। এ ঘটনায় সমীর বাদী হয়ে একটি মামলা করেছেন।