কালকিনি পৌরসভার কাউন্সিলর হাবুল চৌকিদার নিখোঁজ
মাদারীপুরের কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবুল চৌকিদার দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে গতকাল রোববার সকালে তাঁর চাচা মো. মজিবুর রহমান কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ও কাউন্সিলরের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে হাবুল চৌকিদার পৌর এলাকার গোপালপুর হাটের একটি সালিস বৈঠকে উপস্থিত হওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তিনি বাড়ির সামনের ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন। তার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হাবুল চৌকিদারের ছোট ভাই নাজমুল হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর ভাইকে গুম করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। বিষয়টি তাঁরা মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) জানানো হয়েছে। এ ছাড়া কালকিনি থানায় তাঁদের চাচা মজিবুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, হাবুল চৌকিদারকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।