কালকিনি শহর রক্ষা বাঁধে ধস আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের প্রবল বৃষ্টিতে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার পুরান বাজার-সংলগ্ন পালরদী নদীর কালকিনি শহর রক্ষা বাঁধ ধসে পড়েছে। শিগগিরই এটি রক্ষার উদ্যোগ না নিলে বাজারের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাবে বলে ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেছেন। এ অবস্থায় তাঁরা এটি সংস্কারের দাবি জানিয়েছেন।

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ২০০২ সালে বাঁধটি নির্মাণ করে। কয়েক দিনের টানা বৃষ্টিতে বাঁধের ৩০ ফুট অংশ ধসে পড়েছে এবং কয়েকটি স্থানে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। 

পুরান বাজারের ব্যবসায়ী আজাদ হোসেন, মো. শহিদ ও নুরুল ইসলাম জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে শহর রক্ষা বাঁধের একাংশ ভেঙে পড়েছে। এখনই বাঁধের ওপরের কালকিনি-কুলুপুদ্দি সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। যেকোনো মুহূর্তে তাঁদের দোকান ভেঙে নদীতে পড়ে যেতে পারে।

কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেন বলেন, ‘প্রশাসন উদ্যোগ না নিলে পৌরসভার পক্ষ থেকে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’