কালকিনিতে আ.লীগ নেতাদের একযোগে পদত্যাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর-৩ (সদর ও কালকিনি) আসনে সাংসদ সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কালকিনি উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ সব সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা একযোগে পদত্যাগ করেছেন।
দলীয় সূত্র জানায়, সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কালকিনি উপজেলা আওয়ামী লীগ গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে জরুরি সভা ডাকে। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদেরসহ ৩২ জনের পদত্যাগপত্র জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লার কাছে জমা দেন। সাহাবুদ্দীন মোল্লা পদত্যাগপত্রগুলো গ্রহণ না করে এগুলো প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার পরামর্শ দেন।
এরপর পদত্যাগপত্র নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ সদস্যের একটি দল রাত ১০টায় ঢাকার উদ্দেশে কালকিনি থেকে রওনা দেন। কিন্তু রহস্যজনক কারণে রাত একটায় মাওয়া ফেরিঘাট থেকে ফিরে আসেন। গতকাল সোমবার সকালে দলীয় কার্যালয়ে সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী বলেন, ‘আমাদের ফিরে আসার বিষয়ে এখন কিছু বলা যাবে না।’