কালকিনিতে আ.লীগে তিন বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র এনায়েত হোসেন হাওলাদার। প্রতিবাদে আওয়ামী লীগের তিনজন বিদ্রোহী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নাগরিক কমিটির ব্যানারে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান ও জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক লোকমান হোসেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কালকিনি উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগ মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য আবুল কালাম আজাদের নাম প্রস্তাব করে। স্থানীয় সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম তাঁর অনুসারী বর্তমান মেয়র এনায়েত হোসেনের নাম জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে পাঠান। এনায়েত হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। প্রতিবাদে বুধবার কালকিনি উপজেলা কমিটি ও পৌরসভা কমিটির বেশ কিছু নেতা পদত্যাগ করেন। বৃহস্পতিবার তাঁদের পক্ষে আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক বলেন, ‘দলীয় সভানেত্রীর কাছে আমাদের আবেদন, তিনি মনোনয়ন বাতিল করে আমাদের প্রস্তাবিত প্রার্থীকে মনোনয়ন দেবেন। আমাদের দাবি না মানলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’
এনায়েত হোসেন হাওলাদার বলেন, মনোনয়নবঞ্চিত হওয়ায় কিছু নেতার ক্ষোভ রয়েছে। সবার সঙ্গে কথা বলে তিনি ক্ষোভ কমানোর চেষ্টা করবেন।