কালকিনি পৌরসভায় আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র এনায়েত হোসেন হাওলাদারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতা দল থেকে পদত্যাগ করেছেন।
কালকিনি উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সভা করে মেয়র পদে একজন প্রার্থীর নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে প্রস্তাব করার কথা। সে প্রস্তাব অনুযায়ী দলীয় সভানেত্রী মনোনয়ন দেবেন। কিন্তু স্থানীয় সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম তৃণমূলের মতামত উপেক্ষা করে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্যা ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেকে নিয়ে বর্তমান মেয়র এনায়েত হোসেন হাওলাদারের নাম প্রস্তাব করেন। দল থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়। এনায়েত হোসেন হাওলাদার আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই। এর প্রতিবাদে বুধবার বিকেলে কালকিনি উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে গণপদত্যাগের ঘোষণা দিয়েছে।
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা তৃণমূলের নেতারা জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদের নাম প্রস্তাব করেছিলাম। কিন্তু স্থানীয় সাংসদ আমাদের মতামত উপেক্ষা করে তাঁর অনুসারী এনায়েত হোসেন হাওলাদারকে মনোনয়ন দিয়েছেন।’ এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম, পৌরসভা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আশ্রাব ব্যাপারী, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বেশ কিছুসংখ্যক নেতা পদত্যাগ করেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতির ই-মেইলে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।
সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তৃণমূল থেকে নাম প্রস্তাব করার ক্ষেত্রে সাংসদের কোনো ভূমিকা নেই। নাম প্রস্তাব করেছে জেলা কমিটি। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা নেই।’
আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘দলীয় সভানেত্রী আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন। আওয়ামী লীগ একটি বড় সংগঠন এখানে মতের ভিন্নতা থাকতে পারে। আমার মনোনয়ন প্রাপ্তিতে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তাঁদের কষ্ট দূর করে নির্বাচনী প্রচারণা শুরু করব। সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনের কার্যক্রম চালানো হবে।’
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্যা বলেন, ‘কালকিনির নেতারা একক কোনো প্রার্থীর নাম আমাদের কাছে দিতে পারেননি। তাই সাংসদের পরামর্শ নিয়ে এনায়েত হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। তাঁকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই তাঁরা একটু ক্ষুব্ধ হয়েছেন। তাঁদের পদত্যাগের খবর শুনেছি। তাঁদের পদত্যাগ গ্রহণ করা হবে না। তাঁদের সবার সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করা হবে।’