কালকিনিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় কালু শিকদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে।
নিহত কালু শিকদারের স্ত্রী রোজিনা আক্তার অভিযোগ করেন, ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল মোল্লার পক্ষে কাজ করছিলেন কালু শিকদার। গতকাল রাতে আওয়ামী লীগ-মনোনীত চেয়ারম্যান প্রার্থী সেলিম সরদারের সমর্থকেরা তাঁদের বাড়ি গিয়ে কালু শিকদারকে ভয়ভীতি দেখান। এরপর তাঁরা বাড়ি ভাঙচুর করে চলে যান। পরে রাত দেড়টার দিকে তাঁরা আবার বাড়ি গিয়ে কালু শিকদারকে বাইরে ডেকে নেন। এরপর তাঁরা কালুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী জামাল মোল্লা ও সেলিম সরদারের মোবাইলে ফোন করা হলে ফোন দুটি বন্ধ পাওয়া গেছে।