কালকিনিতে ওসি-এসআইয়ের পদত্যাগ দাবি
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কালকিনি প্রেসক্লাবের উদ্যোগে কালকিনি কলেজ রোডে এ কর্মসূচি পালিত হয়। কালকিনি প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন শেষে বক্তব্য দেন খায়রুল আলম, এইচ এম মিলন, জাহিদ হাসান ও বিল্লাল হোসেন প্রমুখ।গত বছরের ১০ নভেম্বর পৌর এলাকার ভুরঘাটায় চাঁদার দাবিতে বাধা দেওয়ায় পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল লোকজন নিয়ে হামলা চালিয়ে আটজন সাংবাদিককে জখম করেন। এ ঘটনায় থানায় মামলা করা হলে গত ১৮ জুলাই গোপনে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন থানার ওসি নাজমুল হুদা ও তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম। তাঁরা মূল আসামি দেলোয়ার হোসেন, তাঁর ভাই বাদশা ঘরামী ও ভাতিজা মজিবুল হায়দারের নাম বাদ দিয়ে শুধু উজ্জ্বল ঘরামীকে অভিযোগপত্রে রাখেন। ৭ আগস্ট এই অভিযোগপত্রের খবর জানতে পেরে সাংবাদিকেরা প্রতিবাদ সভা করে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।