কালকিনিতে কলেজে সংঘর্ষে পাঁচ ছাত্র আহত
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।
গতকাল রোববার বেলা একটায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে কলেজের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কলেজ সূত্রে জানা যায়, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডার চর গ্রামের লালমিয়া ব্যাপারীর ছেলে সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহামঞ্চদ রাব্বির সঙ্গে ক্রোকির চর গ্রামের জামাল মীরের ছেলে দ্বিতীয় বর্ষের ছাত্র বেল্লাল মীরের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।
এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন রাব্বি, বেল্লাল মীর, আকিল, সোলায়মান ও কাবিল। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষই ক্যাম্পাস ত্যাগ করে। কলেজের অধ্যক্ষ এস এম বজলুর রহমান জানান, পুলিশ আসার খবর পেয়ে দুই পক্ষই ক্যাম্পাস ছেড়ে চলে যায়।
সাহেবরামপুর ইউপির চেয়ারম্যান কামরুল আহসান জানান, আমরা স্থানীয়ভাবে বসে বিষয়টা মীমাংসার চেষ্টা করছি। তবে এখানে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এলাকার নিরাপত্তার স্বার্থে একটা পুলিশ তদন্তকেন্দ্র একান্ত জরুরি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় কোনো অভিযোগ আসেনি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার কথা রয়েছে।