কালকিনিতে কেক কাটলে হাত কেটে দেওয়ার হুমকি!
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিরোধী দলের নেতা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যিনি কেক কাটবেন, তাঁর হাত কেটে দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ হুমকি দেন গোলাম ফারুক। উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় দুপুর ১২টার দিকে প্রধান অতিথির বক্তব্যে গোলাম ফারুক বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে (১৫ আগস্ট) বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপনের প্রহসন অত্যন্ত লজ্জাকর। তা মেনে নেওয়া যায় না। তাই আমি ঘোষণা দিতে চাই, কালকিনির কোথাও খালেদা জিয়ার জন্মদিনের নামে যে কেক কাটবে, আমি সেই হাত কেটে দেব।’ হুমকির নিন্দা জানিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৬৮তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে উপজেলায় কেক কাটার কোনো কর্মসূচি তাঁদের নেই।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, সহসভাপতি খায়রুল আলম ব্যাপারী, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান তালুকদার প্রমুখ।