কালকিনিতে চাচাতো ভাইয়ের হামলায় আহত ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় চাচাতো ভাইয়ের হামলায় আহত কলেজছাত্রী স্বর্ণা আক্তারের (১৭) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।স্বর্ণা কালকিনির গোপালপুর ইউনিয়নের পূয়ালী গ্রামের কাজী আবদুর রহমানের মেয়ে। সে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ত।প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ বেলা ১২টার দিকে স্বর্ণা তাদের মাটির ঘরে প্রলেপ দিচ্ছিল। এ সময় চাচাতো ভাই আজিম কাজী (২৮) ওই ঘরে ঢোকেন। এতে ঘরের প্রলেপ নষ্ট হলে স্বর্ণা আজিমকে ঘর থেকে বের হতে বলে। আজিম ক্ষিপ্ত হয়ে স্বর্ণাকে গালিগালাজ করলে স্বর্ণা তাঁকে লাঠি ছুড়ে মারে। আজিম আরও ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে স্বর্ণাকে বেদম পিটুনি দিয়ে স্বর্ণার মাথা ফাটিয়ে দেয়। চিৎকার শুনে স্বর্ণার বাবা-মা এসে মেয়েকে উদ্ধার করেন এবং আজিমকে বকাঝকা করেন। কিছুক্ষণ পর আজিমের বাবা আবু কাজী ও দুই ভাই এসে স্বর্ণার বাবা-মায়ের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হয়। পরে স্বর্ণাকে পূয়ালী গ্রামের পল্লি চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার স্বর্ণাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।এ ব্যাপারে স্বর্ণার বাবা কাজী আবদুর রহমান গতকাল শুক্রবার কালকিনি থানায় হত্যা মামলা করেছেন। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আশফাক উল ইসলাম জানান, আসামিরা পলাতক।