কালকিনিতে চেয়ারম্যান প্রার্থীর ওপর বোমা হামলা
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল হাওলাদার গত বৃহস্পতিবার বোমা হামলায় আহত হয়েছেন। লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে বুধবার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহজালাল হাওলাদার বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্রচারকাজ শেষে গোপালপুর হাটের একটি দোকানের কাছে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। লক্ষ্মীপুর বাজারে লক্ষ্মীপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক বেপারী ও অপর প্রার্থী রাসিদা বেগমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছে। এ সময় ফজলুল হক বেপারীর সমর্থকেরা প্রতিপক্ষের নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রতিপক্ষের অটোর ধাক্কায় আহত ২আমাদের রাজবাড়ী সংবাদদাতা জানান, রাজবাড়ী সদর উপজেলার দাদসী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান বাচ্চুর সমর্থকদের বহনকারী অটোরিকশার ধাক্কায় প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী শামিম আরা খান মুন্নির সমর্থক রফিক মিয়া (৩৫) ও জাহাঙ্গীর (৩৮) আহত হন। গতকাল শুক্রবার আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামিম আরা খান অভিযোগ করেন, তিনি বেলা সাড়ে ১১টার দিকে দাদসীর হোসনাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় লুৎফর রহমানের সমর্থক গ্যাদন ও তার ভাই কাশেমসহ পাঁচ-ছয়জন অটোরিকশা নিয়ে তাঁদের ওপর চালিয়ে দেয়। লুৎফর রহমান বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমার বা আমার কোনো সমর্থকের সম্পৃক্ততা নেই।’