কালকিনিতে ছাত্রলীগের হামলা, সোনাইমুড়ীতে ১৪৪ ধারা
মাদারীপুরের কালকিনিতে শহীদ মিনার থেকে ফেরার সময় ছাত্রলীগের হামলায় বিএনপি ও ছাত্রদলের ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। বরগুনার পাথরঘাটার এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শহীদ মিনার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।নোয়াখালীর সোনাইমুড়ীতে শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। দিনাজপুরে আওয়ামী লীগের দুর্ব্যবহারের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়া বয়কট করে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কালকিনি (মাদারীপুর): রাত সোয়া ১২টার দিকে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। পথে উপজেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা দৌড়ে পৌর মার্কেটে তাঁদের দলীয় কার্যালয়ে আশ্রয় নেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গিয়ে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরে আলমসহ ২০ জন আহত হন। আহত নেতা-কর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।উপজেলা ছাত্রলীগের সভাপতি অহিদুজ্জামান জানান, প্রথমে বিএনপির মিছিল থেকে ইট ছোড়া হয়। ইটের আঘাতে তাঁদের দুজন কর্মী আহত হন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন।পাথরঘাটা (বরগুনা): রোববার সকাল থেকে উপজেলার পাথরঘাটা আদর্শ দাখিল মহিলা মাদ্রাসা মাঠের এক পাশে কয়েকজন যুবক কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করেন। রশিতে রঙিন কাগজ লাগিয়ে মাঠ সুসজ্জিতও করছিল ওই এলাকার ছেলেরা। সন্ধ্যার দিকে প্রথমে বাধা দেন মাদ্রাসা সুপার ও পৌর জামায়াতের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন গাজী। তারা বাধা না শুনে অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখলে রাত পৌনে ১১টার দিকে তিনি নিজে এসে শহীদ মিনারটি উপড়ে ফেলেন।তবে শাহাদাত হোসেন গাজী প্রথম আলোকে বলেন, ‘এলাকার মুসল্লিরা আমাকে জানালে আমি অনুষ্ঠান করতে বাধা দিই। তবে আমি শহীদ মিনার ভাঙচুর করিনি।’ এ রকম অনুষ্ঠানে কেন বাধা দিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো মাদ্রাসায়ই এমন অনুষ্ঠান হয় না বলে বাধা দিয়েছি।’পাথরঘাটা থানার ওসি উজ্জ্বল কুমার দে বলেন, মাদ্রাসা সুপার অনুষ্ঠান করতে বাধা দিয়েছেন শুনে রাতে তিনি সেখানে গিয়েছিলেন। তবে এখন কোনো সমস্যা নেই, অনুষ্ঠান হচ্ছে। নোয়াখালী: রাত ১১টা ৫০ মিনিটের দিকে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ফ ম বাবুর নেতৃত্বে দলীয় কর্মীরা ফুল নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে যান। একই সময়ে জেলা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের খন্দকার রুহুল আমিনের সমর্থক মাহফুজুল হকের নেতৃত্বে দলের অপর একটি অংশ সেখানে যায়। একপর্যায়ে দুই পক্ষ ভাষা দিবস উপলক্ষে স্লোগান দেওয়ার পাশাপাশি নিজেদের নেতাদের পক্ষে স্লোগান দিতে থাকে। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, পরে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগান থেকে ২৬টি গুলি ছোড়ে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ইউএনও ১৪৪ ধারা জারি করেন।দিনাজপুর: জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা জানান, শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের দুই শতাধিক শিল্পী-কর্মী সকাল সাড়ে সাতটায় দিনাজপুর ইনস্টিটিউটে সমবেত হন। পরে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করেন। প্রচণ্ড ভিড়ের কারণে তাঁরা দিনাজপুর জেলা জজ আদালতের সামনে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। এ সময় জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শোভাযাত্রাটি তাঁদের পেছনে ফেলে শহীদ মিনারের দিকে যায়। এতে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে একদল যুবক সাংস্কৃতিক নেতা-কর্মীদের দিকে তেড়ে আসেন। অশ্লীল গালাগাল করেন। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যসচিব সুলতান কামাল উদ্দিন বলেন, আওয়ামী লীগের নেতাদের খারাপ আচরণের কারণে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে না গিয়ে শহরের বালুবাড়ী শহীদ মিনারে ফুল দেন।তবে আতাউর রহমান বলেন, সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা অতিক্রম করার সময় তাঁদের বাধা দেওয়া হয়। এ সময় তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। দলের কর্মীরা দু-চার কথা বলে থাকতে পারেন বলে তিনি জানান।