কালকিনিতে ছাত্রী অপহরণ, দুজন গ্রেপ্তার
মাদারীপুরের কালকিনি উপজেলার বালীগ্রাম ইউনিয়নের বীরমোহন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী (১২) গত বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে অপহূত হয়েছে।পুলিশ অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে সন্ধ্যা সাড়ে সাতটায় পাথরিয়াপাড় স্ট্যান্ড থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া গ্রামের হরিপদ বিশ্বাসের ছেলে হরেন বিশ্বাস (২৮) ও রাধিকা বৈদ্যের ছেলে বিপুল বৈদ্য (৪৭)।মেয়ের বাবা বলেন, প্রতিদিনের মত মেয়ে স্কুলে যাওয়ার জন্য সকালে বইপুস্তক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর লোক মারফতে জানতে পারি কে বা কারা তাকে ধরে নিয়ে গেছে। খোঁজাখুজি করে তাকে না পেয়ে পুলিশের আশ্রয় নিয়েছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল জানান, বুধবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে আটক দুজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেছেন। আটক ব্যক্তিদের গতকাল সকালে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।