কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষ অর্ধশতাধিক আহত
মাদারীপুরের কালকিনিতে গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরদৌলত খা ইউপির আসন্ন নির্বাচন কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান সরদার মো. আবদুল মান্নানের সঙ্গে সম্ভাব্য প্রার্থী কাউছার কবিরাজের দ্বন্দ্ব চলছিল। পরে কাউছার কবিরাজের সঙ্গে আরেক সম্ভাব্য প্রার্থী চানমিয়া যোগ দেন। রোববার সন্ধ্যায় কথা-কাটাকাটির জের ধরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়। কিন্তু গতকাল সকালে উভয় পক্ষ মোক্তারহাট সেতুর ওপর আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একের পর এক বোমার বিস্ফোরণ ঘটলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। একপর্যায়ে পুলিশ কাউছার কবিরাজকে আটক করলে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ তাঁকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। আহতদের কালকিনি ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহিন মণ্ডল জানান, র্যাব ও গোয়েন্দা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।