কালকিনিতে দুটি ট্রলারে ডাকাতি আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়াল খাঁ নদের মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের উড়ারচর নামক স্থানে গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে দুটি ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতেরা পাট ব্যবসায়ীদের চার লক্ষাধিক টাকা লুট করেছে। এ ঘটনায় সন্দেহজনকভাবে এক মাঝিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পাট ব্যবসায়ীদের নিয়ে দুটি ট্রলার পালরদী নদীর ফাসিয়াতলা ঘাট থেকে সূর্যমনি হাটের উদ্দেশে যাচ্ছিল। আড়িয়াল খাঁ নদের উড়ারচর নামক স্থানে পৌঁছালে স্পিডবোটে করে মুখোশধারী চার ডাকাত ট্রলার দুটির গতি রোধ করে। তারা রামদা ও চাপাতির ভয় দেখিয়ে আলী হোসেনের ট্রলার থেকে এক লাখ ৮৬ হাজার ১৯০ টাকা ও রাজ্জাকের ট্রলার থেকে দুই লাখ ৪২ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। এ ছাড়া চারটি মুঠোফোন সেটও লুটে নেয় তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহ আলম ব্যাপারী, মোশারফ হোসেন, আলী হোসেন ও ধলু ব্যাপারী জানান, ডাকাতেরা স্পিডবোটে এসে টাকাপয়সা লুটপাট করে নিয়ে যায়। মুখোশ পরে থাকায় মাত্র একজনকে চিনতে পারেন তাঁরা।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, এ ঘটনায় শাহ আলম ব্যাপারী নামের এক ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেছেন। এতে খোকন ও ট্রলারের মাঝি রাজ্জাকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে। রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।