কালকিনিতে নির্মাণাধীন সেতু ভেঙে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় খালের ওপর নির্মাণাধীন একটি সেতু গত ২৩ মার্চ ভেঙে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, বনগ্রামের শরীফবাড়ির সামনের খালের ওপর নির্মাণাধীন সেতুটি ভেঙে পড়েছে। সেতুটি খালের দুই পাড় ও মাঝখানে ভেঙেছে। ভাঙা সেতুর নিচে এখনো সেন্টারিংয়ের বাঁশ ও কাঠ রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, এডিপির অর্থায়নে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর নাসির উদ্দিন ১৫ ফেব্রুয়ারি সেতুটি নির্মাণের কাজ শুরু করেন। গত ১১ মার্চ সেতুর ঢালাই কাজ করা হয়। এর দুই-তিন দিনের মাথায় সেতুর দুই পাড়ে সংযোগ সড়কে মাটি ভরাট করা হয়। ২৩ মার্চ দুপুরে সেতুটি ভেঙে পড়ে। সেতু নির্মাণকাজে প্রায় এক লাখ ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে।বনগ্রামের বাসিন্দা চান্দু শরীফ বলেন, ‘সেতু করল কিন্তু এক দিনও আটতে পারলাম না। তার আগেই ভাইঙ্গা গেল। কাজ ঠিকমতো করলে কি আর এমন অইতো?’ একই গ্রামের সাদেক আলী বলেন, ‘কাজের ধরন দেইখাই মনে অইছে, এই সেতু বেশি দিন থাকব না। তয় কাজ শেষ না অইতেই যে ভাইঙ্গা পড়ব, এইডা বোজদাড়ি নাই।’একই এলাকার লাল মিয়া শরীফ ক্ষোভের সঙ্গে বলেন, ‘সেন্টারিংয়ের মালামাল সরাইতে না সরাইতেই ব্রিজের কাম শ্যাষ (ভেঙে পড়া)। রড, সিমেন্ট, বালু ঠিকমতো না দিলে এমনই অয়।’এ ব্যাপারে ঠিকাদার গোপালপুর ইউপির চেয়ারম্যান মীর নাসির উদ্দিন বলেন, ‘এটা একটা দুর্ঘটনা। এত অল্প টাকায় এ কাজ সম্ভব হয় না। রাস্তার জন্য মাটি ফেলেছি। দুই পাশের মাটির চাপে সেতু ভেঙে গেছে।’