কালকিনিতে নিহত ব্যক্তির পা উদ্ধারের দাবিতে থানা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান সরদারের সমর্থক বাবুল বেপারীর কেটে নেওয়া পা গত চার দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি। কেটে নেওয়া পা উদ্ধারের দাবিতে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর উদ্যোগে মিছিল, সমাবেশ ও থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী পা উদ্ধারের জন্য পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি মোক্তারহাট থেকে শুরু হয়ে ১০ কিলোমিটার অতিক্রম করে কালকিনি সদরে যায়। পরে তাঁরা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফজলে আজিম, পৌরসভার মেয়র এনায়েত হোসেন হাওলাদার সমাবেশে এসে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দেন। দুপুর ১২টার দিকে তাঁরা থানা ঘেরাও করেন। মাদারীপুরের এএসপি (সার্কেল) আবু বকর সিদ্দিক বিক্ষোভকারীদের বলেন, নিহত বাবুলের পা উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে।
গত ৩১ অক্টোবর রাতে চরদৌলতখান ইউপির বর্তমান চেয়ারম্যান চান মিয়া শিকদারের সমর্থকেরা বাবুল বেপারীকে (৪৬) মোক্তারহাট বাজারে কুপিয়ে হত্যা করে তাঁর কেটে নেওয়া বাম পা নিয়ে উল্লাস করে বলে অভিযোগ আছে।