কালকিনিতে পাটের দাম কম, চাষিরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় পাটের বাম্পার ফলন হলেও হতাশ কৃষক। বাজারে পাটের দাম কম হওয়ায় তাঁদের মধ্যে হতাশা বিরাজ করছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর কালকিনি উপজেলায় দুই হাজার ৩৭৭ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু গত বছর দাম ভালো পাওয়ায় কৃষকেরা এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ করেছেন। কৃষকেরা জানান, রোপণ, নিড়ানি, আনুষঙ্গিক ব্যয়সহ অনাবৃষ্টির কারণে পাটের চারা রক্ষা করতে গিয়ে বিঘাপ্রতি এক হাজার টাকা ব্যয় করে সেচ দিতে হয়েছে। এতে উৎপাদন ব্যয় বেড়ে গেছে। উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের কৃষক মনির হাওলাদার জানান, গতবার বাজারে প্রতিমণ পাটের দাম ছিল দুই হাজার ৪০০ টাকা। এবার তা এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কালকিনির উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বাজারে বর্তমানে পাটের মূল্য প্রতিমণ এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৩০০ টাকা। গতবারের তুলনায় পাটের মূল্য কম হওয়ার পাশাপাশি উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং প্রকৃত মূল্য না পাওয়ায় কৃষক হতাশ হয়ে পড়েছেন।