কালকিনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৬
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের মঠের বাজারে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ছয়জন আহত হয়েছেন। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।আহত ছয়জন হলেন উপজেলার বদরদী গ্রামের হুমায়ূন বেপারি (৩৫), আনিছ বেপারি (৩৫), হারুন বেপারি (৪৩), রুহুল আমিন ফকির (১৬), আলমগীর হোসেন (৪৫) ও সোহেল বেপারি (২৮)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার বদরদী গ্রামের হুমায়ূন বেপারির সঙ্গে গদাদরদী গ্রামের আবদুর রশিদ বেপারির ছেলে নজরুল বেপারির উপজেলার মঠের বাজারের চা বিক্রির একটি দোকানের মালিকানা নিয়ে বিরোধ ছিল। রোববার রাত নয়টার দিকে হুমায়ূন ওই দোকানে চা পান করতে গেলে নজরুলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল ও তাঁর কয়েকজন সমর্থক হুমায়ূনের ওপর হামলা চালান। এতে বাধা দিতে এলে তাঁরা হুমায়ূনের সমর্থক আনিছ বেপারি, হারুন বেপারি, রুহুল আমিন ফকির, আলমগীর হোসেন ও সোহেল বেপারিকেও মারধর করেন। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে নজরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।