কালকিনিতে বাস খাদে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে বেপরোয়া গতিতে চলা একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে পানিতে ডুবে দুই যাত্রী নিহত ও ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে কালকিনি উপজেলার পান্তাপাড়া নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বরগুনার ফুলঝড়ি গ্রামের বাসিন্দা কামাল হোসেন (৩৫) ও জাফর ইকবাল (৩২)। কামাল হোসেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের বাসটি পান্তাপাড়া সেতুর কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে সেটি সড়কের পাশে গভীর খাদে পড়ে পানিতে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু বাসটি দ্রুত তলিয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। মাদারীপুর, ফরিদপুর ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে উদ্ধারকাজে অংশ নেন। তাঁদের সঙ্গে পরে যোগ দেন খুলনা থেকে নৌবাহিনীর ১০ সদস্যের আরেকটি ডুবুরি দল।
এলাকাবাসী ও ডুবুরি দলের সম্মিলিত চেষ্টায় বাসের ভেতর থেকে মৃত অবস্থায় দুই যাত্রীকে তুলে আনা হয়। দুর্ঘটনায় আহত হন ১২ জন। তাঁদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল, মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বরিশালের ভুরঘাটা এলাকার বাসিন্দা আহত বাসযাত্রী সেলিম হোসেন বলেন, শুরু থেকেই চালক অস্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছিলেন। বিশেষত দুর্ঘটনার ঘণ্টা খানেক আগে তিনি গতি আরও বাড়িয়ে দেন। একই কথা জানান পিরোজপুরের মঠবাড়িয়ার যাত্রী দিলারা বেগম।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তবে এ ব্যাপারে মাদারীপুরের হাইওয়ে থানা-পুলিশ বাদী হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মানুষ হত্যার অভিযোগে চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।
দমকল বাহিনী সূত্র জানায়, আনুমানিক ৩০ ফুট গভীরে ডুবে যাওয়া বাসটি টেনে ডাঙায় তোলা হয়েছে। বাসের ভেতর আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি। সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
কালকিনির ইউএনও শাম্মী আক্তার বলেন, নিহত দুজনের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।