কালকিনিতে বিক্ষোভ
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারানো সৈয়দ আবুল হোসেনের সমর্থকেরা গতকাল বৃহস্পতিবার মাদারীপুরের কালকিনিতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় ভাঙচুর, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
মাদারীপুর-৩ (সদর ও কালকিনি) আসনের বর্তমান সাংসদ সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দলীয় মনোনয়ন দেওয়ার গুজব ছড়িয়ে পড়লে ওই তাণ্ডব চালানো হয়।
আবুল হোসেনের সমর্থক নেতা-কর্মীরা জানান, সন্ধ্যার মধ্যে কালকিনির বিভিন্ন নেতা-কর্মীর মুঠোফোনের মাধ্যমে খবর ছড়ায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না।
আবুল হোসেনকে বাদ দিয়ে বাহাউদ্দিন নাছিমকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা সাতটার দিকে নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে একটি মিছিল উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় ভাঙচুর করেন।