কালকিনিতে বোমা বিস্ফোরণে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলত খান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে গতকাল মঙ্গলবার বোমা বিস্ফোরণে তুহিন চৌকিদার নামের একজন নিহত হন।
তিনি ওই গ্রামের শামু চৌকিদারের ছেলে। ঘটনার সময় তিনি বোমাটি বহন করছিলেন বলে পুলিশ দাবি করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে উপজেলার সিটিখান উচ্চবিদ্যালয় এলাকা থেকে মাথাভাঙ্গা রাস্তা দিয়ে নিজের বাড়িতে যাচ্ছিলেন তুহিন (৩৫)।
এ সময় একটি বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে এলাকাবাসী মাথাভাঙ্গা এলাকায় এসে তুহিনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানান, তুহিন চরদৌলত খান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান সরদারের সমর্থক ছিলেন।
ইউপি নির্বাচনের পর থেকেই পরাজিত প্রার্থী মান্নান সরদার ও বর্তমান চেয়ারম্যান চান মিয়া শিকদারের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।
মান্নান সরদার বলেন, ‘তুহিন আমার লোক। আমার প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান চান মিয়া শিকদারের সমর্থকদের ছোড়া বোমার আঘাতে তুহিনের মৃত্যু হয়েছে।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা দাবি করেন, তুহিন নিজের বহন করা বোমার বিস্ফোরণে নিহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।