কালকিনিতে ব্যবসায়ী অপহূত, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনির নতুন টরকী এলাকা থেকে গত রোববার এক ব্যবসায়ীকে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের মুলাদী উপজেলার টুমচর এলাকার সেকেন্দার খাঁর ছেলে জুয়েল খাঁ (২২) আট বছর ধরে কালকিনি উপজেলার হাচেন আকনের হাটে প্লাস্টিকসামগ্রীর ব্যবসা করছেন। রোববার বিকেলে ইসলামী ব্যাংকের টরকী বন্দর শাখা থেকে তিনি ৩০ হাজার টাকা তুলে মোটরসাইকেলে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। সন্ধ্যার দিকে তিনি তাঁর ছোট ভাইকে মুঠোফোনে জানান, ছয়-সাতজন লোক তাঁকে আটক করে মারধর করছে। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় জুয়েলের বাবা সেকেন্দার খাঁ গত সোমবার সকালে কালকিনি থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিনই পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার উত্তর রমজানপুর গ্রামের নিতোষ চন্দ্র মণ্ডল, বলরাম কীর্তনীয়া ও অখিল ভক্তকে গ্রেপ্তার করে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল জানান, জুয়েলকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার তিনজনকে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।