কালকিনিতে সংঘর্ষে নিহত এক
ধান কাটাকে কেন্দ্র করে গতকাল বুধবার মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের খুনের চর গ্রামে এবং পৌরসভার ঝাউতলা গ্রামে সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুনের চর গ্রামে বাদল তালুকদার ও কাশেম তালুকদারের মধ্যে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে গতকাল সকাল নয়টায় কাশেম তালুকদারের লোকজন বাদল তালুকদারের লোকজনের খেতে জোরপূর্বক ধান কাটতে গেলে বাদলের সমর্থকেরা বাধা দেন। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এর মধ্যে বাদলের সমর্থক মিজান খাঁ (২০), মিরাজ খাঁ (৩৫), আজিজুল মৃধা (৪০) ও কাঞ্চন তালুকদার (৫৫) এবং কাশেমের সমর্থক কামাল কাজীর (৩২) পায়ের রগ কেটে দেওয়া হয়। আহত ব্যক্তিদের কালকিনি ও মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মিজান খাঁ মারা যান। কালাম কাজীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আজিজুল মৃধাকে ঢাকায় পাঠানো হয়।পৌরসভার ঝাউতলা গ্রামের কলম হাওলাদার ও এচাহাক হাওলাদারের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে এচাহাক হাওলাদার বিরোধপূর্ণ জমির ধান কেটে বাড়ি নিয়ে যান। খবর পেয়ে কলম হাওলাদার লোকজন নিয়ে তাঁর বাড়ি ধান আনতে যান। এ সময় দুই পক্ষের সংঘর্ষে আবুল (২৮), আজু (২৬), বেলাল (৩০), দুলাল (৩৫), আজিজুল (২০) ও নজরুলসহ ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।