কালকিনিতে সংঘর্ষে নিহত ১, মাগুরা ও খুলনায় তিনজন খুন
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার জের ধরে গত শনিবার সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মাগুরার সদর উপজেলায় দুই পায়ের রগ কেটে এক ব্যক্তিকে খুন করেছে তাঁর প্রতিপক্ষ। খুলনা নগর এবং দিঘলিয়া উপজেলায় দুই ব্যক্তি খুন হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কালকিনি (মাদারীপুর): কালকিনিতে নিহত ব্যক্তির নাম সাজাহান তালুকদার (৩৬)। তিনি সালাম তালুকদারের ছোট ভাই। পুলিশ সূত্রে জানা গেছে, সালাম তালুকদারের সমর্থকের মেয়ে এক স্কুলছাত্রী প্রাইভেট পড়ার জন্য খাশেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজে এলে আকালবরিশ গ্রামের ফয়সাল হোসেন ও ইরাদ হোসেন তাকে উত্ত্যক্ত করে। ওই ছাত্রী বাড়ি গিয়ে বিষয়টি তার ভাইকে জানায়।
পরে তার ভাই কলেজের সামনে এসে ফয়সাল ও ইরাদকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাঁকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে সালামের সমর্থকেরা আকালবরিশ বাজারের কাছে গেলে আবুল ব্যাপারীর সমর্থকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
সালাম অভিযোগ করেন, একটা মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা তাঁর ভাইকে কুপিয়ে হত্যা করেছে। এই বিষয়ে আবুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। কালকিনির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার জের ধরে সংঘর্ষ হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
মাগুরা: মাগুরা সদর উপজেলার সাচানি গ্রামে মুহামঞ্চদ আলী জিন্নাহ (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। জিন্নাহর স্ত্রী রাজিয়া খাতুন অভিযোগ করেন, শনিবার বিকেল পাঁচটার দিকে সাচানী বাজারে একটি চায়ের দোকান থেকে স্থানীয় সন্ত্রাসী টাইগার দাউদ ও তাঁর লোকজন জিন্নাহকে ধরে নিয়ে যান। গতকাল রোববার ভোরে পশ্চিম রামনগর গ্রামের মাঠ থেকে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তাঁর দুই পায়ের রগ কাটা ছিল। সকাল সাতটার দিকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মাগুরা সদর থানার ওসি এম এ হাসেম দাবি করেন, জিন্নাহ একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। এলাকায় তিনি একটি জুয়ার বোর্ড চালাতেন। কয়েক মাস আগে জুয়ার ওই বোর্ডটি দাউদের মামা আবদুল আলিম দখল করে নেন। এ নিয়ে দাউদের সঙ্গে জিন্নাহ বিরোধে জড়ান। জিন্নাহকে খুনের ঘটনায় দাউদসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
খুলনা: গত শনিবার নগরের নূরনগর এলাকায় গণপূর্ত বিভাগের সরকারি কোয়ার্টারে এমদাদুল হক ওরফে শিপন (২২) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি নগরের খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র ছিলেন।
শিপন তাঁর মামার কোয়ার্টারে থাকতেন। শনিবার তিনি ওই কোয়ার্টারে একাই ছিলেন। গতকাল সকালে সোনাডাঙ্গা মডেল থানা-পুলিশ সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মোক্তাদির হোসেনের ছেলে।
গত শনিবার গভীর রাতে দিঘলিয়া উপজেলার বাগমারা গ্রামের গুরুপদ কর্মকারের ছেলে শিপন কর্মকারকে (৪০) দুর্বত্তরা কুপিয়ে হত্যা করে। পাশের হামিদপুরের সিলিমপুরের একটি ধানখেত থেকে কালিয়া থানার পুলিশ গতকাল তাঁর লাশ উদ্ধার করে।