কালকিনিতে সংঘর্ষে পুলিশসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর হাটের ইজারা ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গত মঙ্গলবার রাতে পুলিশের এক এসআইসহ দুজন আহত হয়েছেন। এ সময় দুই পক্ষের সমর্থকেরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।সংঘর্ষ চলাকালে আটটি দোকানপাট ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় প্রভাবশালী বাদশা সরদার দীর্ঘদিন ধরে উপজেলার গোপালপুর হাটের ইজারা নিয়ে আসছিলেন। এ বছর স্থানীয় আরেক প্রভাবশালী বাদল তালুকদার হাটের ইজারা নেন। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বাদশা ও বাদলের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের সমর্থকেরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে আটটি দোকানপাট ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও স্থানীয় সঞ্জয় নামে এক ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে জাকির হোসেন, নজরুল ইসলাম, লিটন হাওলাদার, লোকমান হোসেন, আবু হোসেন, শাহআলম ও আবুল হোসেনকে আটক করে। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।