কালকিনিতে সন্ত্রাসী হামলা ৫০ বাড়িতে লুটপাট
মাদারীপুরের কালকিনি উপজেলায় গতকাল রোববার সকালে সন্ত্রাসী বাদল বাহিনী চারটি গ্রামে হামলা চালিয়ে প্রায় ৫০টি বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর করেছে। সন্ত্রাসীরা এ সময় এলাকায় আতঙ্ক ছড়াতে তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর ও লুটপাটে বাধা দিতে গেলে নারী ও শিশুসহ ১০ গ্রামবাসী আহত হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েতনগর ইউনিয়নের সন্ত্রাসী বাদল বাহিনীর সন্ত্রাসীরা গতকাল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এতে বাধা দিতে গেলে ১০ জন আহত হয়। সন্ত্রাসীরা জুয়েল সরদার নামের এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কালকিনি থানার ওসি শাহিন মণ্ডল জানান, হামলার পর সন্ত্রাসী বাদল বাহিনী এলাকা ছেড়ে পালিয়েছে। মাদারীপুর পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন আহমেদ বলেন, বাদল বাহিনীর প্রধানকে ধরতে অভিযান অব্যাহত আছে। বিশেষ করে র্যাব এ ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছে।