কালকিনিতে সাপ-আতঙ্ক ওঝাদের পোয়াবারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর চরআইড়কান্দি গ্রামে দুই সপ্তাহে প্রায় অর্ধশত মানুষ সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েছে বলে এলাকাবাসী দাবি করছেন। এ নিয়ে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। সাপ তাড়ানো ও বিষ নামানোর কথা বলে ওঝারা রমরমা ব্যবসা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মিঞা ইউসুফ আলী জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের চার সদস্যের একটি দল গত বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে। তাঁর মতে, মানুষ আতঙ্কিত হয়ে ওঝাদের শরণাপন্ন হচ্ছে। এ সুযোগে ওঝারা ‘চিকিৎসা-বাণিজ্য’ চালিয়ে যাচ্ছেন।গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইড়কান্দি গ্রামের বাবুল সরদারের ছেলে ফয়সাল সরদারকে (১৮) গত ২৫ সেপ্টেম্বর রাতে সাপে কামড়ায়। পরদিন সকালে তাঁর মৃত্যু হয়। এর পর থেকেই গ্রামের অনেকে সাপের কামড়ে অসুস্থ হওয়ার খবর আসতে থাকে। তাঁরা হাসপাতালে না গিয়ে ওঝাদের খবর দেন। ওঝারা চিকিৎসার নামে মানুষকে ফাঁদে ফেলে নগদ টাকা, লুঙ্গি, গামছা, পিতলের কলসসহ অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছেন।রমজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাত নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল হাসান জানান, সাপ এ পর্যন্ত প্রায় ৫০ জনকে কামড়িয়েছে। গ্রামের লোকজন ওঝাদের দিয়ে বিষ নামাচ্ছে।গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রহিমা বেগম নামের এক গৃহবধূকে দরজায় দাঁড় করিয়ে উঠানে কলাগাছ পুঁতে আটজনের একটি দল ঢোল বাজিয়ে বিষ নামাচ্ছে। বিষ নামানোর আগে আটটি নতুন লুঙ্গি, আটটি নতুন গামছা, একটি পিতলের কলস নেওয়া হয় রহিমার পরিবারের কাছ থেকে। বিষ নামানোর পর নগদ ২০ হাজার টাকা দেওয়ার কথা। রহিমা বেগম বলেন, ‘আমারে তিনবার সাপে কামড়াইছে। তিনবারই ওঝা দিয়া বিষ নামাইছি। ওঝারা যা চায় দিতে অয়। নইলে বিষ নামে না।’ জুলহাস হাওলাদার নামের এক ব্যক্তি বলেন, ‘হঠাৎ আমার পায়ে জ্বালাপোড়া হয়। পরে ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ে। ওঝা বিষ নামালে সুস্থ হই। পরে বুঝতে পারি সাপে কামড় দিয়েছিল। দেখতে পাইনি বলে অন্য কিছু ভেবেছিলাম।’ ওঝাদের সরদার মো. আলী আকবর ফকির বলেন, ‘এটি আছড়া (জিন) সাপের কাজ। তাদের দেখা যায় না। তবে কামড় অনুভব করা যায়।’ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক দলের সদস্য প্রশান্ত বারিকদার বলেন, ‘মূলত ফয়সালের মৃত্যুর পর মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো কিছুর কামড়েও মানুষ ভয়ে ওঝাদের ডাকছে। এতে লাভবান হচ্ছে ওঝারা। অজ্ঞ মানুষ ওঝাদের দ্বারা প্রতারিত হচ্ছে।’ সাপের কামড়ে আহত দাবিদারদের কেউ তাঁদের শরীরের কোথাও সাপের কামড়ের দাগ দেখাতে পারেননি বলে চিকিৎসক দলের ওই সদস্য জানান। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল জানান, ওঝারা চিকিৎসার নামে মানুষকে প্রতারিত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।