কালকিনিতে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনিতে জিনের বাদশা পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র গ্রামের সহজ-সরল মানুষকে প্রতারিত করছে। চক্রের সদস্যরা গভীর রাতে মানুষের মুঠোফোনে ফোন করে কোরআনের আয়াত শুনিয়ে পাপের ভয় দেখায়। এরপর পাপের জন্য কাফফারা আদায় করার তাগিদ দিয়ে চক্রটি কাফফারার টাকা হাতিয়ে নিচ্ছে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, প্রতারক চক্রের সদস্যরা ফোনে কারও সঙ্গে কথা বলার একপর্যায়ে সে কী কী পাপ করেছে তা জেনে নেয় এবং পাপ থেকে মুক্তি পেতে তাকে কাফফারা আদায়ের তাগিদ দেয়। ক্ষতিগ্রস্ত লোকেরা জানায়, অধিকাংশ ক্ষেত্রেই ফোনে কথা বলার পর, যেসব নম্বর থেকে ফোন এসেছে সেগুলো তারা কথিত জিনের বাদশার দেওয়া নির্দেশমতো মুছে ফেলেছে।কালকিনির গোপালপুর গ্রামের রনি কাজী জানান, গত ২৫ ডিসেম্বর রাত দুইটার দিকে তাঁর মুঠোফোনে ফোন করে এক ব্যক্তি কোরআনের আয়াত শোনায় এবং তাঁকে নামাজ পড়ার তাগিদ দেয়। এভাবে কিছুক্ষণ কথা বলার পর বলে, ‘তুই তো অনেক পাপ করেছিস, তোর ক্ষমা নেই।’ পরিচয় জানতে চাইলে বলে, ‘আমি জিনের বাদশা বলছি। তুই যে পাপ করেছিস তাতে তোকে ১০ হাজার টাকা কাফফারা দিতে হবে।’উত্তর ঝাউতলা গ্রামের শাজাহান বেপারীর কাছে এক ব্যক্তি সম্প্রতি একইভাবে ফোন করে তাঁর কাছে ১৭ হাজার টাকা কাফফারা দাবি করে। তার নির্দেশমতো তিনি গত ২৫ ডিসেম্বর ০১৭৩৭-০১৫০০২ নম্বরে ফ্লেক্সিলোডের মাধ্যমে এক হাজার টাকা পাঠিয়ে দেন। মাগুরা গ্রামের ছবদের আলীকে জিনের বাদশা পরিচয়ে এক ব্যক্তি গত শনিবার ওয়ারিদ টেলিকমের একটি নম্বর থেকে ফোন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১৫ হাজার টাকা পাঠাতে বলে। তিনি ১৫ হাজার টাকা জনসেবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই দিনই কথিত জিনের বাদশা খাদেম হাসানের নামে রংপুরের শাপলা চত্বরে অবস্থিত জনসেবা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেন।