কালকিনির দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত
মাদারীপুরের কালকিনি পৌরসভার দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কেন্দ্র দুটিতে ঢুকে ব্যালট পেপারে নৌকা প্রতীক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর কাস্তে প্রতীকে সিল মেরে বাক্সে ফেলে রাখে। নির্বাচন কমিশন কেন্দ্র দুটির ভোট গ্রহণ স্থগিত করে। কেন্দ্র দুটি হলো পৌরসভার কাষ্টগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোনারদন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান মেয়র এনায়েত হোসেন।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এনায়েত হোসেন বলেন, ‘দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুটিতে কারা কখন কীভাবে সিল মেরেছে তা আমার জানা নাই। বিষয়টি নির্বাচন কমিশন তদন্ত করছে।’
কালকিনি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কেন্দ্র দুটির প্রিসাইডিং কর্মকর্তাদের জিম্মি করে দুর্বৃত্তরা দুটি কেন্দ্রের মেয়র পদে ১৩০০ ব্যালট পেপার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩০০ ব্যালট পেপারে সিল মারে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলে নির্বাচন কমিশন ওই দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে।