কালকিনির বোরো চাষিরা দাদন ব্যবসায়ীদের ফাঁদে
মাদারীপুরের কালকিনি উপজেলার বোরো চাষিরা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে ফাঁদে পড়েছেন। বাধ্য হয়ে এখন তাঁরা প্রতি হাজার টাকার জন্য লাভ বাবদ এক মণ করে ধান পরিশোধ করছেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকাসহ উপজেলার ১৪টি ইউনিয়নে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ১৩৫ হেক্টর। উপজেলায় প্রায় ৪০ হাজার বোরো চাষি রয়েছেন। এর মধ্যে প্রায় ১০ হাজার কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। বাকিরা নিজ অর্থ দিয়ে বা অন্যের কাছ থেকে দাদন এনে চাষাবাদ করেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বোরো উৎপাদনে সরকার ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দিচ্ছে তা অনেকে জানেন না। ফলে গ্রামাঞ্চলের চাষিরা ব্যাংকঋণ থেকে বঞ্চিত হন এবং বিত্তবানদের দাদন ব্যবসার ফাঁদে জড়িয়ে পড়েন। যাঁরা ব্যাংকঋণের কথা জানেন, তাঁরাও আইনি জটিলতার কারণে ব্যাংক থেকে ঋণ না নিয়ে সহজে সুদ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেন। বিনিময়ে ধান কাটা শেষে প্রতি হাজারে লাভ বাবদ এক মণ করে ধান দিচ্ছেন। পৌর এলাকার চাষি আ. গণি বেপারী বলেন, ‘উৎপাদন খরচ বাড়ায় ব্যাংক ঋণের টাকা দিয়ে সব কাজ শেষ করা যায় না। বাধ্য হয়েই একজনের কাছ থেকে ২০ হাজার টাকা ধার এনেছি। বিনিময়ে লাভ বাবদ ২০ মণ ধান তাঁর বাড়িতে পৌঁছে দিতে হবে।’ ডাসার এলাকার বর্গাচাষি সালাম শিকদার বলেন, ‘মোর তো জমির কাগজপাতি নাই। অর্ধেক ভাগে আরেকজনের ২০ শতাংশ জমিনে ধান লাগাইছি। এহনো অনেক কাম বাকি রইছে, টাহার লাইগ্যা মানুষের দ্বারে দ্বারে ঘুরতাছি।’ বাঁশগাড়ি এলাকার চাষি রহিম হাওলাদার বলেন, ‘ধানের জন্য টাকা নিলে ওদের ধানই দিতে হবে, সুদের টাকা দিলে নেয় না। সমাজে এমনও লোক আছেন, যাঁদের কোনো ধানি জমি নেই। কিন্তু প্রতিবছর দাদন দিয়ে ২০০-২৫০ মণ ধান ঘরে তুলে থাকেন।’ নাম প্রকাশ না করার শর্তে পৌর এলাকার শিকারমঙ্গল গ্রামের এক ইতালিপ্রবাসীর স্ত্রী বলেন, ‘টাকা তো এমনেও ব্যাংকে পড়ে থাকে। টাকা দিয়ে যদি ধান পাওয়া যায় তাহলে তা হাতছাড়া করে কে? এ বছর সাড়ে তিন লাখ টাকা লাগাইছি। ধান পাওয়া যায় ঠিকই কিন্তু অনেক সময় টাকা ওঠাতে ঘাম ঝরে।’ আরেক দাদন ব্যবসায়ী বলেন, ‘এলাকার সবাই তো ধানের ওপর টাকা লাগায়। এতে আবার দোষ কী? এতে সবারই উপকার হয়।’ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মোমিনুল হক প্রথম আলোকে জানান, দাদন ব্যবসায়ীদের কবলে পড়ে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যাংকঋণের ব্যাপারে প্রচারণা আরও বাড়ানো হবে।