আগামীকালের পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করলেন মালিকেরা
পরিবহন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাখ্যান করে আগামীকাল সোমবার চট্টগ্রামে গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ। আজ রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক সংগঠনের কতিপয় নেতাকে জামায়াতের দোসর অভিহিত করে এই পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মেট্রোপলিটন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন।
গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখা। তারা উচ্চ আদালতের আদেশ মেনে নিবন্ধনহীন অটোরিকশা চালানোসহ ছয় দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছিল। আজ পাল্টা সংবাদ সম্মেলন আহ্বান করে পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, জামায়াত-শিবির চক্র হরতালের মতো কর্মসূচি দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। অথচ সেই যুদ্ধাপরাধী সংগঠনের সঙ্গে হারুনুর রশিদের সম্পৃক্ততা রয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা নামধারী হারুনুর রশিদ জামায়াতের ‘দোসর’ হিসেবে পরিচিত। তিনি পরিকল্পিতভাবে জামায়াতের ডাকা হরতালকে বাস্তবায়ন করতেই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢাকায় পাঁচ হাজার ও চট্টগ্রামে চার হাজার নতুন সিএনজিচালিত অটোরিকশা নিবন্ধন দিলে আপত্তি নেই। তবে যে ছয়টি দাবির সমর্থনে সোমবার ধর্মঘট ডাকা হয়েছে, তার মধ্যে নিবন্ধনবিহীন সিএনজিচালিত অটোরিকশা নগরে চলাচলের কথা বলা আছে। এ ধরনের অন্তত আট হাজার ‘এএফআর’ লেখা স্টিকার লাগিয়ে অটোরিকশা নগরে চালানো হচ্ছিল। প্রতিটি গাড়ির জন্য মাসে চাঁদা বরাদ্দ আছে। কিন্তু মালিক গ্রুপ কোনো অন্যায়ের কাছে নতিস্বীকার করবে না।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা চালানোর জন্য বাস, ট্রাক, টেম্পো, হিউম্যান হলারের মতো যানবাহন ধর্মঘটের আওতায় কেন থাকবে? আর মালিকদের কী অপরাধ? এই নগরের ৬০ লাখ বাসিন্দাকে কেন জিম্মি করা হবে? তাই সোমবারের তথাকথিত ধর্মঘট প্রত্যাখ্যান করে প্রত্যেক মালিক গাড়ি রাস্তায় নামানোর পক্ষে। বৃহত্তর চট্টগ্রামে আগামীকাল (আজ সোমবার) সব ধরনের যান চলাচল করবে বলে বলা হয়। কেউ কোনো ধর্মঘট পালন করবে না। যদি হারুনদের দাবির মুখে নিবন্ধনহীন অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়, তাহলে ১৯ মে বৈধ যানবাহন বন্ধ রেখে মালিক গ্রুপও ধর্মঘট করতে বাধ্য হবে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম অটোরিকশা-অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটি ধর্মঘট আহ্বান করে। ওই কমিটিতে মৃণাল চৌধুরীসহ (বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি) অনেকে আছেন। তাঁরা উচ্চ আদালতের আদেশ মানার জন্য শুক্রবার ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছিলেন। কারণ, এর সঙ্গে শ্রমিকদের রুটি-রুজির ব্যাপার জড়িত। এখানে জামায়াত বা অন্য রাজনৈতিক দলের প্রসঙ্গ আসবে কেন?
গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালিক গ্রুপের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী, এসকে সিকদার, জিয়াউদ্দিন প্রমুখ।