
সৈয়দ শামসুল হকের সৃষ্টি এই দেশ ও দেশের মানুষকে সমৃদ্ধ করেছে। সবাইকে সাহস জুগিয়েছে। বাংলার গণমানুষের হৃদয়ে যে অধিষ্ঠান তিনি লাভ করেছেন, সেখান থেকে তাঁকে সরানো খুবই কঠিন কাজ। মৃত্যুর পরও তাঁর রচনার ভেতর দিয়ে মানুষ তাঁকে নতুন করে চিনবে। কালক্রমে তিনি হীরকখণ্ডের মতোই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবেন।
সমকালীন বাংলা সাহিত্যের বহুপ্রজ লেখক সৈয়দ শামসুল হকের কুলখানিতে তাঁকে এভাবেই মূল্যায়ন করলেন তাঁর স্বজন ও বন্ধুরা। গতকাল রোববার বাদ মাগরিব লেখকের গুলশানের বাসভবনে এই কুলখানি অনুষ্ঠিত হয়। সেখানে লেখকের নিকটাত্মীয় ও স্বজনদের বাইরে শিক্ষা-শিল্প-সাহিত্য, চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা অংশ নেন।
গত ২৭ সেপ্টেম্বর ৮১ বছর বয়সে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে সৈয়দ শামসুল হক ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর অন্তিম ইচ্ছা অনুসারে পরদিন তাঁকে জন্মস্থান কুড়িগ্রাম জেলায় দাফন করা হয়।
কুলখানিতে মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন, সৈয়দ শামসুল হক একটি সুন্দর জীবন যাপন করে গেছেন। তাঁর বহুমাত্রিকতা তাঁকে যেমন সম্মান ও খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে, তেমনি তা সমৃদ্ধ করেছে এই দেশ, দেশের সাহিত্য ও মানুষকে।
কবি-স্থপতি রবিউল হুসাইন বলেন, সৈয়দ হক বহুস্তর ও বহুবিন্যাসের একজন মানুষ। ঠিক আধুনিক স্থাপত্যশৈলীর কোনো বহুতল ভবনের মতো। যেখানে একই ছাদের নিচে সবকিছুই মেলে।
লেখকের বন্ধু এম মোকাম্মেল হক বলেন, ‘বাংলাদেশের কিছুমাত্র বিরোধী হয় এমন কোনো কিছুর সঙ্গে সৈয়দ হক আপস করেননি। এই কালপুরুষ বহুকাল আমাদের চেতনায় ভাস্বর হয়ে থাকবেন।’
এ সময় আরও বক্তব্য দেন কবি আসাদ মান্নান, বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আনোয়ার হোসেন, সাংসদ এ কে এম রহমতউল্লাহ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, লেখকের ভগ্নীপতি দাউদ ফারহান প্রমুখ।
কুলখানিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক, নাট্যকার রামেন্দু মজুমদার, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, কবি কাজী রোজী, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, পরিচালক গিয়াসউদ্দীন সেলিম প্রমুখ।
কুলখানিতে মিলাদ মাহফিল শেষে লেখকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।