কালক্ষেপণের ফাঁদে পা দেওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে জামায়াতের কালক্ষেপণ করার ‘ফাঁদে’ সরকার যদি পা দেয়, তবে তা হবে দুঃখজনক।
জামায়াত নেতা কামারুজ্জামানসহ সব যুদ্ধাপরাধীর দ্রুত বিচারের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ইমরান এ কথা বলেন। তিনি বলেন, ‘স্বাধীনতার পর ৪২ বছর জাতি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য অপেক্ষা করেছে। তবে এখন একটি প্রক্রিয়ায় আসার পরও যদি বিচারে কালক্ষেপণ করা হয়, তবে তা জাতি হিসেবে আমাদের জন্য দুঃখজনক হবে।’ এই বিচারিক প্রক্রিয়াকে ঝুলিয়ে দেওয়ার জন্য স্বাধীনতাবিরোধী শক্তি সব সময়ই চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাদের এ ফাঁদে পা দেওয়া উচিত হবে না।
ইমরান এইচ সরকার বলেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে চূড়ান্ত রায়ের পর আর কোনো রিভিউ পিটিশন (পুনর্বিবেচনার আবেদন) করা যাবে না। এতে করে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে এ ধরনের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এ কারণে ভুক্তভোগী ব্যক্তিরা ন্যায়বিচার পাবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েন। যুদ্ধাপরাধীদের প্রাপ্য শাস্তি না হওয়ার আশঙ্কা থেকে যায়।
ইমরান বলেন, ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া একটি দীর্ঘ প্রক্রিয়া। প্রতিটি কার্যক্রমের মধ্যে বড় সময়ের পার্থক্য। একটি রায় হওয়ার পর সেটার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে বেশ দেরি হয়। পুনর্বিবেচনার আবেদন করতে গিয়ে আরও কালক্ষেপণ করা হয়। এসব প্রক্রিয়ার মধ্যে পড়ে গোলাম আযমের মতো আর কেউ যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে, সেটা কোনোভাবেই প্রত্যাশিত হতে পারে না।
পরে গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দিকে যান। সেখান থেকে ফিরে এসে জাদুঘরের সামনে মিছিল শেষ হয়।