কালনা-শংকরপাশা ফেরিঘাট প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিবৃষ্টি ও জোয়ারে মধুমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার থেকে নড়াইল-ঢাকা সড়কের কাশিয়ানী উপজেলার কালনা ও লোহাগড়ার শংকরপাশা ফেরিঘাট তলিয়ে আছে। জানা গেছে, বৃহস্পতি ও শুক্রবারের প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে মধুমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফেরিঘাটের ইজারাদার মান্নান মোল্লা (৪০) বলেন, বর্তমানে ফেরিঘাটের গ্যাংওয়ে জোয়ারের সময় তিন-চার ফুট এবং ভাটার সময় দেড় ফুট পানির নিচে তলিয়ে থাকে। তবে ইতিমধ্যে কালনা অংশে নতুন পন্টুন সংযুক্ত করা হলেও শংকরপাশায় সমস্যা রয়েই গেছে। ওই ঘাটের গ্যাংওয়ে পানিতে তলিয়ে থাকায় পন্টুন দিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে সমস্যা হচ্ছে।এ পথে চলাচলকারী গাড়িচালক বাবলু মিয়া ও মনিরুল ইসলাম জানান, পানির মধ্য দিয়ে গাড়ি ওঠানামার সময় প্রায়ই ইঞ্জিনে পানি ঢুকে পড়ায় অনেক গাড়ি বিকল হয়ে যাচ্ছে। ফলে দুই ধারেই অনেক গাড়ি আটকা পড়ছে। যাত্রী সাজেদ রহমান জানান, ‘আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে পড়ায় প্রায় দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। দুই দিকে অনেক গাড়ি আটকে পড়ে।’ ফেরিচালক আবদুল আলী মুন্সী বলেন, জোয়ারের সময় নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরিঘাটে ভেড়াতে সমস্যা হচ্ছে। দ্রুত গ্যাংওয়ে উঁচু না করলে এ সমস্যার সমাধান হবে না। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বলেন, পানি এখনো বিপৎসীমার অনেক নিচে। তবে প্রতিদিন পানি বৃদ্ধি পাচ্ছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এস এম বদরুজ্জামান বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।