কালনী-কুশিয়ারায় সুরের মূর্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের কালনী-কুশিয়ারা নদীর বুকে গতকাল ছিল শাহ আবদুল করিমের মনমাতানো সব গানের মূর্ছনা। গতকাল বৃহস্পতিবার এ নদীতে জমেছিল হবিগঞ্জ, সুনামগঞ্জ ও পাশের কিশোরগঞ্জের নৌকাবাইচ। প্রতিযোগিতায় তিন জেলার ১০টি দল অংশ নেয়।এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল কালনী-কুশিয়ারার আজমিরীগঞ্জ উপজেলার নয়ানগর থেকে রনিয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এ প্রতিযোগিতা চলে। বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও জাতীয় ক্রীড়া পরিষদের আর্থিক সহায়তায় এ আয়োজন করা হয়। প্রতিযোগিতা চলাকালে সমাজকল্যাণমন্ত্রী ও হবিগঞ্জ-৪ আসনের সাংসদ এনামুল হক মোস্তফা শহীদ, হবিগঞ্জ-৩ (সদর ও লাখাই) আসনের সাংসদ আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুল মজিদ খান, সিলেটের বিভাগীয় কমিশনার এ এম জিয়াউল আলম, হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার ও পৌরসভার মেয়র জি কে গউছ উপস্থিত ছিলেন।সকাল থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে নদী তীরে। কিশোরগঞ্জ জেলার ইটনা থেকে আসা আমির হোসেন বলেন, ‘নৌকাবাইচ এ এলাকার পুরোনো সংস্কৃতি। অনেক দিন ধরে এ ধরনের প্রতিযোগিতা হয় না। শিশুরা তো এখন ভাবতেই পারে না এ উৎসবের উত্তেজনা। তাই খবর পেয়েই সন্তানকে নিয়ে ছুটে এসেছি।’আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিক বিন ইকরাম জানান, প্রতিযোগিতায় কিশোরগঞ্জের নিকলীর ফজলুর রহমানের দল প্রথম পুরস্কার (একটি ফ্রিজ), একই উপজেলার সেলু মিয়ার দল দ্বিতীয় পুরস্কার (রঙিন টেলিভিশন) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘহাটা গ্রামের মন্নান মিয়ার দল তৃতীয় পুরস্কার (ডিভিডি প্লেয়ার) পেয়েছে।