কালনী নদীতীরে বাঁধা তরি!
স্বাস্থ্যতরি (হেলথ বোট)। নদী ও হাওর দিয়ে চলাচল করার কথা ছিল। বিলম্বিত যোগাযোগব্যবস্থার কারণে সরকারি স্বাস্থ্যসেবা সাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই ছিল লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্য তো পূরণ হয়ইনি, বরং স্বপ্নের সেই স্বাস্থ্যতরি শুরু থেকেই কালনী নদীতীরে বাঁধা পড়ে আছে। এ তরি সুনামগঞ্জের ভাটি এলাকাখ্যাত দিরাই-শাল্লার।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত বছরের বর্ষাকালের শেষদিকে এ তরি দেওয়া হলেও এক দিনও চলাচল করেনি। দিরাইয়ে কালনী নদীর তীরে বাঁধা অবস্থায় পড়ে আছে প্রায় ছয় মাস। পরিচালনায় লোকবল না থাকায় আসছে বর্ষা মৌসুমে ভাটি এলাকায় এ স্বাস্থ্যতরি চলবে কি না—এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। স্বাস্থ্যতরি সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রচারণা সূত্রে জানা গেছে, হাওর ও নদী এলাকায় অনেকটা নৌ-অ্যাম্বুলেন্সের আদলে পরিচালিত হবে স্বাস্থ্যতরি।সরকারি হাসপাতালে জরুরি বিভাগে যে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়, তরি থেকে তেমনই চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি তরিতে মুমূর্ষু কোনো রোগীকে হাসপাতালে ভর্তির জন্য আসনও সংরক্ষিত। যোগাযোগ-বিড়ম্বিত এলাকার মানুষেরা তরির চিকিৎসাসেবা পাবেন। তবে কোনো কোনো ক্ষেত্রে রোগীকে আনা-নেওয়ার কাজে ব্যবহূত হবে এটি। এ বিবেচনায় সুনামগঞ্জের ভাটি এলাকাখ্যাত দিরাই ও শাল্লার জন্য গত বছরের অক্টোবর মাসে ওই স্বাস্থ্যতরি বরাদ্দ হয়।দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দিরাই-শাল্লা এলাকা ভাটি হওয়ায় বর্ষার পরও অনেক এলাকার যোগাযোগ নৌপথে হয়। গত বছরের অক্টোবরের দিকে এটি হস্তান্তর করা হলেও উদ্দেশ্য ছিল, বর্ষা শেষের মৌসুম থেকে এটিকে সচল করা। কিন্তু তরি চালাতে চালক, স্বাস্থ্যসেবা দিতে তরির চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকার নির্দেশনা থাকলেও লোকবল দেওয়া হয়নি।একজন স্বাস্থ্যকর্মী জানান, দিরাই-শাল্লার যোগাযোগব্যবস্থার বাস্তবতায় এ তরি অনেককে আশাবাদী করে তুলেছিল। তরি যখন পাওয়া গেছে, তখন চালকসহ চিকিৎসকও পাওয়া যাবে—এ ধারণায় পরীক্ষামূলক এক দিন তরি চালিয়ে দেখা গেছে যে এটি সচল থাকলে সরকারি স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশুতোষ দাস জানান, স্বাস্থ্যতরিটি দেওয়া হয়েছিল নদী ও হাওর এলাকার সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণকারী মানুষের যাতায়াত-সুবিধার জন্য। কিন্তু এটি দেওয়ার পর এক দিনের জন্যও চলেনি। স্বাস্থ্যকর্মকর্তা উদ্বেগের সঙ্গে বলেন, ‘তীরে বাঁধা থাকায় এটি নিয়ে আমরা রীতিমতো বিপদের মধ্যে আছি। কাজের কাজ তো কিছুই হচ্ছে না—কখন জানি চুরি হয়ে যায়!’ স্বাস্থ্যতরি চালাতে প্রয়োজনীয় লোকবল চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে জানিয়ে সুনামগঞ্জের সিভিল সার্জন এ টি এম রকিব চৌধুরী বলেন, ‘তরি চালাতে লোক প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বারবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো চিঠিরও জবাব পাইনি।’দিরাই উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাশ জানান, ভাটি এলাকার যোগাযোগের ক্ষেত্রে ‘বর্ষায় নাও হেমন্তে পাও’ প্রবাদ প্রচলিত। এ দৃশ্যপটে মানুষ সবচেয়ে অসহায় বোধ করে জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে। স্বাস্থ্যতরি সরবরাহের খবর শুনে আনন্দিত হলেও গত ছয় মাসে এটি এক দিনও না চলায় সেই আনন্দ এখন বিষাদে রূপ নিয়েছে। তরি নদীতীরেই বাঁধা থাকায় সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণকারীরা সুবিধা পাওয়া তো দূরের কথা, এ বিষয়ে অবহিত নন বলে জানিয়েছেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (নারী) ছবি চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারটি আমি উপজেলা পরিষদের আগামী সমন্বয় সভায় উপস্থাপন করব।’