কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ে ৫০০ ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের সদর, রামগতি ও কমলনগর উপজেলায় গতকাল শুক্রবার সকালে ঘূর্ণিঝড়ে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নারী ও শিশুসহ আহত হয়েছে ১৫ জন। এ ছাড়া মেঘনা নদীতে ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কালবৈশাখীর আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার খাগড়াছড়িতে কালবৈশাখীর আঘাতে প্রায় ১০০ বাড়িঘর বিধ্বস্ত হয়। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:লক্ষ্মীপুর: প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, সকাল সাতটার দিকে সদর, রামগতি ও কমলনগর উপজেলার ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। ঘূর্ণিঝড়টি তিন-চার মিনিট স্থায়ী হয়। এ সময়ের মধ্যে সদর উপজেলার চারটি ঘর বিধ্বস্ত হয়। এ ছাড়া মান্দারী ও দিঘলী, কুশাখালী এলাকায় শতাধিক গাছের ডালপালা ভেঙে গেছে। অনেক গাছপালা উপড়ে পড়েছে।কমলনগর উপজেলার একাধিক বাসিন্দা প্রথম আলোকে জানান, ঘূর্ণিঝড়ে লুধুয়া ফলকন, ইসলামগঞ্জ, খায়েরহাট ও চর ফলকন ইউনিয়নের পশ্চিম ফলকন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। এসব এলাকার পাঁচ থেকে ছয় হাজার গাছের ডালপালা ভেঙে গেছে, অনেক গাছ উপড়ে পড়েছে। পাটোয়ারীরহাট মাদ্রাসা ও খায়েরহাট কওমি মাদ্রাসাসহ এলাকার শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়। ঘরে চাপা পড়ে ইসলামগঞ্জ এলাকার মো. সহিজল মাঝি, তাঁর স্ত্রী জাহানারা বেগম, লুধুয়া এলাকার দিদার হোসেন ও তানজু বেগমসহ (৫) আটজন আহত হন। মতিরহাট মাছঘাটে ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমান উল্লাহ জানান, পাটোয়ারীরহাট ও চর ফলকন ছাড়াও চর কালকিনি, সাহেবেরহাট ও চর মার্টিন এলাকায় আরও অন্তত ৫০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রইচ উদ্দিন জানান, ঘূর্ণিঝড়ের আঘাতে সৈয়দ মৌরভীর বাজার এবং চর আলগী, পোড়াগাছা ও চর রমিজ ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার গাছ উপড়ে পড়ে। দেড় শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়। এ ছাড়া মধ্য পূর্ব চর আলেকজান্ডার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজিগঞ্জ দাখিল মাদ্রাসাসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের টিনশেড ঘর দুমড়েমুচড়ে গেছে। ওই সময় ঘর চাপা পড়ে মুকবুল বেপারীপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. শরীফসহ সাতজন আহত হয়েছেন। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মো. শফিক জানান, রামগতি-লক্ষ্মীপুর ৩৩ হাজার কেভি সঞ্চালন লাইনের ছয়টি টাওয়ার ভেঙে পড়েছে। এ ছাড়া রামগতি ও কমলনগর উপজেলার অন্তত ২০টি পয়েন্টে ১১ হাজার কেভি সরবরাহ লাইনের তার ছিঁড়ে গেছে। এতে সকাল থেকে দুটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।নোয়াখালী: স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকাল আটটার দিকে কালবৈশাখী শুরু হয়ে তা প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। এ সময় প্রবল বৃষ্টি হয়। ঝড় ও বৃষ্টিতে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা, চরবাটা, চর ক্লার্ক ও চর জব্বার ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়। উঠতি সয়াবিন, বাদামসহ বিভিন্ন রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়। গাছপালা উপড়ে পড়ে সুবর্ণচর-সোনাপুর সড়কের কয়েকটি স্থানে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। দক্ষিণ চর ক্লার্ক গ্রামে বজ্রপাতে মো. ইউছুফ (৬৫) নামের এক ব্যক্তি মারা যান। খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে কালবৈশাখী আঘাত হানে। এটি প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। গতকাল সরেজমিনে দেখা গেছে, ওই এলাকার কোনো কোনো ঘরের চালা সম্পূর্ণ উড়ে গেছে। বিভিন্ন ফলের গাছ বিশেষত কলাগাছ, আমগাছের ব্যাপক ক্ষতি হয়েছে। ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কান্তি লাল দেওয়ান বলেন, ‘এ পর্যন্ত নব্বইটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খরব পেয়েছি। এর মধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি পুলিশের ব্যারাক রয়েছে।’ তিনি জানান, ইউনিয়নের নাক্শাতলী বিলপাড়া, ৭, ৮, ৯ নম্বর রাবার বাগান প্রকল্প এলাকা, ছোট বাড়ি, বৈঞ্চবপাড়া, কুকিছড়া, ৩ নম্বর প্রকল্প এলাকা, ম্রাসাইনাই কার্বারি পাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।