কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ৪ উপজেলায় ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী এবং দিনাজপুরের বিরল উপজেলার ওপর দিয়ে গত সোমবার কালবৈশাখী বয়ে গেছে এবং শিলাবৃষ্টি হয়েছে। এতে বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ঠাকুরগাঁও
মাটির রাস্তার দুই ধারে বিস্তর ফসলি জমি। ডগা ভেঙে মাটিতে নুইয়ে পড়া গাছগুলো কোন ফসলের, তা অবশ্য দূর থেকে বোঝার উপায় নেই। কাছে যেতেই ধানগাছগুলো স্পষ্ট হয়। মাঠের কাছে যেতেই দেখা যায়, নষ্ট হয়ে যাওয়া ধানখেতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন এক যুবক। চেহারায় হতাশার ছায়া। জিজ্ঞেস করে জানা গেল, নাম রবিউল ইসলাম (৩৫)। গত সোমবারের ঝড় আর শিলাবৃষ্টিতে তাঁর ধানখেত পুরো নষ্ট হয়ে গেছে।
গত সোমবার বিকেল পাঁচটার দিকে হঠাৎ করেই ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কয়েক গ্রামের ওপর দিয়ে আকস্মিকভাবে বয়ে যায় কালবৈশাখী, শিলাবৃষ্টি। রবিউল জানান, এই ঝড় আর শিলাবৃষ্টিতে চলতি বোরো মৌসুমে চার বিঘা জমিতে লাগানো ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাঁর। সপ্তাহখানেক পরই এ ধান তাঁর ঘরে তোলার কথা ছিল। এবার তিনি কম করে হলেও ১২০ মণ ধান পাবেন বলে আশা করেছিলেন।
এ শুধু রানীশংকৈল উপজেলার চাতর পার্বতীপুর গ্রামের রবিউল ইসলামের একার অবস্থা নয়, শিলাবৃষ্টিতে এই উপজেলার পাঁচ শতাধিক কৃষক পরিবার তাদের ফসল হারিয়েছে।
রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাতর পার্বতীপুর গ্রামের ফজিল উদ্দিন (৯০) বলেন, ‘মোর জীবনে এমন পাথর (শিলাবৃষ্টি) আর দেখুনি। একেকখান পাথরের ওজন হবে আধা সের। গ্রামের বেবাক ধান, ভূট্টা, পাটখেত পাথরের আঘাতে নষ্ট হয়ে গেইছে। মানুষজন এলা ধানখেত গরুক খিলাছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ করা সম্ভব নয়।
ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন সম্পর্কে ইউএনও খন্দকার মো. নাহিদ হাসান বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের কাজ শুরু হবে।
গাইবান্ধা
এদিকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে। এ ছাড়া উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই, হরিরামপুর, তালুককানুপুর, দরবস্ত, রাখালবুরুজ, ফুলবাড়ি ইউনিয়নের চার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা ভেঙে পড়ে। কলা, ভুট্টাসহ বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। জহিরুল ইসলাম জানান, ঝড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জরিপ করে দেখা হচ্ছে।
পলাশবাড়ী উপজেলার বরিশাল ও পবনাপুর ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে যায়। ঝড়ে কাঁচা-পাকা ঘরবাড়ি, গাছপালা, উঠতি বোরো ফসল, পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বেশির ভাগ খোলা আকাশের নিচে অবস্থান করছে। উপজেলার পিআইও শাহীনুর আলম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারি সহায়তা দেওয়া হবে।
দিনাজপুর
দিনাজপুরের বিরলে সোমবার সন্ধ্যায় ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিতে বাড়িঘর, গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। এলাকাবাসী জানান, মাত্র কয়েক মিনিটের ঝড়ে তাঁদের উঠতি ফসল ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আযম বলেন, ‘সন্ধ্যায় প্রচণ্ড গতির ঝোড়ো হাওয়ায় ইউনিয়নের বোর্ডহাট, মাধবপুর, রানীদীঘিসহ আশপাশের কয়েকটি গ্রামে বাড়িঘর, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঘরের চালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়।
ভান্ডারা ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ জানান, তাঁর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে। নিম্নাঞ্চলের বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য সংশ্লিস্ট ওয়ার্ড সদস্যদের বলা হয়েছে।